ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৬, ২১ সেপ্টেম্বর ২০২১
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল
ছবি: ডেইলি বাংলাদেশ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ সম্পত্তি জোর করে দখলের অভিযোগ উঠেছে। নরসিংদীর মনোহরদী উপজেলার বড়চাপা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, বড়চাপা মৌজার ১৩ শতাংশ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ২০১৬ সালে ওই সম্পত্তির দাবিদার ফজিলাতুন্নেছা নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে নালিশি সম্পত্তি নিয়ে একটি মোকদ্দমা দায়ের করেন। গত ৫ সেপ্টেম্বর আদালত ওই সম্পত্তিতে কোনো প্রকার স্থাপনা নির্মাণ ও মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয়পক্ষের মধ্যে স্থিতাবস্থা বজায় রাখার জন্য মনোহরদী থানার ওসিকে নির্দেশ দেন। এই প্রেক্ষিতে থানার এসআই নজরুল ইসলাম উভয়পক্ষকে নিজ নিজ অবস্থানে থাকার জন্য নোটিশ প্রদান করেন।

সম্প্রতি কাইয়ূম মিয়া নালিশি সম্পত্তিটির চারদিকে বাঁশের বেড়া দিয়ে ঘিরে তা দখলে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সেখানে তিনি একটি টিনের ঘরও নির্মাণ করেন।

ওই সম্পত্তির দাবিদার ফজিলাতুন্নেছা জানান, স্বামীর মৃত্যুর পর তার পৈতৃক ১৩ শতাংশ জমির কিছু অংশে বাড়িঘর নির্মাণ করেন। বাকি অংশে গাছপালা রোপণ করে ভোগদখল করে আসছিলেন। ২০১৬ সালে ওই জায়গার গাছপালা কেটে নেয়ার হুমকি দিলে কাইয়ূম মিয়া, মাহফুজা ও জরিনা খাতুনের বিরুদ্ধে আদালতে মামলা করেন ফজিলাতুন্নেছা। ওই মামলায় আদালত স্থিতাবস্থা জারি করেন।

এ বিষয়ে অভিযুক্ত কাইয়ূম মিয়ার স্ত্রী কামরুন্নাহার জানান, আমরা জোর করে কারও সম্পত্তি দখল করিনি। ফজিলাতুন্নেসা ২০০৯ সালে আকবর আলী নামে এক ব্যক্তির কাছে ওই জমি বিক্রি করেছেন। তার কাছ থেকে ২০১২ সালে আমরা এ জমি কিনে ভোগ-দখলে গিয়েছি। তা ছাড়া ওই জমিতে বাড়িঘর নির্মাণ করার পর আদালতের নিষেধাজ্ঞা এসেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!