ব্যথায় কাতরাচ্ছিলেন অন্তঃসত্ত্বা, দেয়াল ভেঙে উদ্ধার করল পুলিশ
মধ্যরাতে মিসক্যারেজ জনিত ব্যথায় কাতরাতে থাকা এক নারীকে উদ্ধার করেছে পুলিশ। ৯৯৯- এ কল পেয়ে সোমবার রাত আড়াইটার দিকে বাসার পেছনের দেয়াল ভেঙে তাকে উদ্ধার করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পুলিশ। পরে তাৎক্ষণিক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
অন্তঃসত্ত্বা সোমা আক্তার নগরীর জে.সি গুহ রোড এলাকার আব্দুল হাকিমের স্ত্রী।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ।
তিনি জানান, ওই এলাকায় দুই কক্ষের একটি বাসায় থাকতেন সোমা আক্তার। তার স্বামী হাকিমের আরো একটি স্ত্রী য়াছে। রাত ১২টার পর সোমাকে বাসায় রেখে তালা দিয়ে তিনি অপর স্ত্রীর কাছে যান। কিছুক্ষণ পর ব্যথা শুরু হলে চিৎকার করতে থাকেন সোমা। স্বামীর মোবাইল বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না তিনি। ওই মুহূর্তে বিষয়টি টের পেয়ে ৯৯৯-এ কল করেন প্রতিবেশী এক যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। তবে বাসার সামনে দিয়ে প্রবেশের কোনো রাস্তা না থাকায় স্থানীয়দের সহযোগিতায় বাড়ির পেছনের দেয়াল ভেঙে রাত আড়াইটার দিকে অন্তঃসত্ত্বা সোমাকে উদ্ধার করা হয়। পরে অচেতন অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
ওসি আরো জানান, হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক সোমাকে লেবার ওয়ার্ডে ভর্তি করান। তার মিসক্যারেজ জনিত কারণে মারাত্মক রক্তশূন্যতাসহ শ্বাসকষ্টের সমস্যা ছিল। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা সোমা বর্তমানে সুস্থ আছেন।