প্রতিপক্ষকে ফাঁসাতে স্ত্রীকে গলাকেটে হত্যা করেন অহিদুল
মুন্সিগঞ্জের শ্রীনগরে গলাকাটা নারীর লাশ উদ্ধারের ঘটনার রহস্য উম্মোচিত হয়েছে। প্রতিপক্ষকে ফাঁসাতেই স্ত্রীকে গলাকেটে হত্যা করেন বলে স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
নিহত স্ত্রীর নাম পারভীন বেগম এবং অভিযুক্ত স্বামীর নাম অহিদুল মুন্সী। এ ঘটনায় শ্রীনগর থানায় পুলিশ প্রেস ব্রিফিং করেছে। শুক্রবার বিকেলে শ্রীনগর থানায় এ প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত এসপি (শ্রীনগর সার্কেল) মো. আসাদুজ্জামান। ওই প্রেস ব্রিফিংয়ে নারীকে স্বামীই হত্যা করেছে বলে তথ্য প্রদান করা হয়েছে।
শ্রীনগর সার্কেল এএসপি মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, শ্রীনগর উপজেলার বানিয়াবাড়ি এলাকার বাঘাডাঙ্গা এলাকার ভ্যানচালক অহিদুল মুন্সী জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীদের ফাঁসাতে নিজের স্ত্রী পারভিন বেগমকে হত্যার পরিকল্পনা করে। বুধবার রাতে স্ত্রীকে সুকৌশলে বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে আড়িয়ালবিল সংলগ্ন কামলার বিলে নিয়ে যায়। সেখানে রাত ২:৩৫ মিনিটে স্ত্রী পারভিন বেগমকে গলাকেটে হত্যা করেন।
পরে লাশ গুম করতে বিলের একটি পুকুরে কচুরি পানা দিয়ে ঢেকে রাখে। পরে হত্যাকারী অহিদুল মুন্সী এলাকায় বলাবলি করেন যে, প্রতিবেশী রাজা মিয়ারা তাকে ও তার স্ত্রীকে তুলে বিলে নিয়ে গিয়ে মারধর করে। সে কোনোমতে পালিয়ে আসেন। পরে খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে পারভিন বেগমের গলাকাটা লাশ উদ্ধার করে মুন্সিগঞ্জ মর্গে পাঠায়।
এএসপি আসাদুজ্জামান অরো বলেন, এ ঘটনায় পারভীন বেগমের ভাই বাদী হয়ে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে তা মামলা হিসেবে রুজু করা হয়। আসামি অহিদুল মুন্সিকে গ্রেফতারের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালতে অহিদুল মুন্সি স্ত্রী পারভীন বেগমকে হত্যার বিবরণ দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। স্বামীর দেয়া তথ্যের ভিত্তিতে পুকুর থেকে ধারালো কাচি, লুকানো জামা কাপড়, মোবাইল ফোনসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর থানার ওসি মো. হেদায়াতুল ইসলাম ভূঞা, ওসি (তদন্ত) মোহাম্মদ হেলাল উদ্দিন, ওসি অপারেশন মো. আসগর আলী।
এর আগে, উপজেলার বাঘাডাঙ্গা এলাকার শাহ আলমের ছেলে ভ্যানচালক হত্যাকারী অহিদুল মুন্সী জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষদের ফাঁসাতে ৪ সন্তানের জননী পারভীন বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করে। ঘটনার পরে হত্যাকারী অহিদুল মুন্সী প্রতিবেশী রাজা মিয়াদের ফাঁসাতে অভিনয় শুরু করে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যেও সৃষ্টি হয়। অহিদুল মুন্সী ও পারভীন বেগম দম্পতির সম্পা , মিম , জান্নাত নামে ৩ মেয়ে ও ইয়াসিন নামে এক ছেলে সন্তান রয়েছে। তাদের বড় মেয়ে সম্পার প্রায় ৯ দিন আগে বিয়ে হয়।