ধাওয়া খেয়ে প্রাইভেটকারের ধাক্কায় কাভার্ডভ্যানের হেলপার নিহত
রাজশাহী-ঢাকা মহাসড়কের বানেশ্বর বাজারে প্রশাসনের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে প্রাইভেটকারের ধাক্কায় আবদুল লতিফ নামে কাভার্ডভ্যানের এক হেলপার নিহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বানেশ্বর ফিল্লিং স্টেশন নামের তেলপাম্পের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল লতিফ নোয়াখালীর সেনভাগ উপজেলার ইদিলপুর গ্রামের আলী আজমের ছেলে।
জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে বানেশ্বর বাজারে রাস্তার পাশে চায়ের দোকানে জটলা বাধে। এ সময় প্রশাসন বাজারের জনসমাগম ছত্রভঙ্গ করতে অভিযান চালায়। লোকজন দৌঁড়ে পালাতে থাকে। এ সময় ধাওয়া খেয়ে পালাতে গিয়ে প্রাইভেটকারের ধাক্কায় রাস্তার ওপর ছিটকে পড়েন আব্দুল লতিফ। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পবা হাইওয়ে শিবপুর ফাঁড়ির ওসি লুৎফর রহমান জানান, নিহত লতিফ মাদারবাড়ি পরিবহন সস্তা কর্গো সার্ভিস কভার ভ্যান হেলপার। তারা কাভার্ডভ্যান নিয়ে নোয়াখালী ফিরছিলেন। বানেশ্বরে একটি চায়ের দোকানে চা খেতে থেমেছিলো। এ সময় দুর্ঘটনার স্বীকার হন। প্রাইভেটকারটি আটক করা হয়েছে।
প্রাইভেটকারের মালিক মিজানুর রহমান মিজান বলেন, পুঠিয়ার দিকে যাচ্ছিলাম। এ সময় বানেশ্বর বাজারে একজন দৌঁড়ে এসে গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার ওপর ছিটকে পড়ে আহত হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয় বলে শুনেছি। এখানে আমার গাড়ির ড্রাইভারের কোনো দোষ নেয় বলে দাবি করেন তিনি।