ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

তালা চুরি, শিশুকে বৈদ্যুতিক শক!

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৭, ১৯ ফেব্রুয়ারি ২০২১
তালা চুরি, শিশুকে বৈদ্যুতিক শক!
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু মিনহাজের সঙ্গে মা লাভলী

লক্ষ্মীপুরের রায়পুরে মুরগির খামারের দরজার তালা চুরির অভিযোগে চার বছরের এক শিশুকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার কেরোয়া ইউনিয়নের মীরগঞ্জ বাজারের পাশে ইসমাইল ব্যাপারীর বাড়িতে এ ঘটনা ঘটে। আহত মিনহাজ একই গ্রামের দিনমজুর জামাল হোসেনের ছেলে।

শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় রাতে খামার মালিক তোফায়েল আহমেদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন মিনহাজের বাবা।

চিকিৎসাধীন শিশুর মা লাভলী বলেন, মিনহাজ মীরগঞ্জ বাজার হাফেজিয়া মাদরাসায় পড়ে। ছেলেটি প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে মাদরাসায় যায়। দুপুরে মাদরাসা ছুটি হলেও বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে বাড়ির সামনের মুরগির খামারে ছেলের চিৎকার শুনে আহত অবস্থায় উদ্ধার করি। মিনহাজের মাথা ও ঘাড়ে বৈদ্যুতিক শক দিয়ে এবং গলায় দা লাগিয়ে হত্যার চেষ্টা চালান খামারি তোফায়েল।

তিন বছর ধরে মিটার না নিয়ে অবৈধ সংযোগ দিয়ে খামারে বিদ্যুৎ ব্যবহার করছেন বলেও অভিযোগ উঠেছে তোফায়েলের বিরুদ্ধে। শিশুকে হত্যাচেষ্টার বিচার চেয়ে কেরোয়া ইউপি চেয়ারম্যান ও মেম্বারের কাছে বিচার দাবি করেছেন লাভলী।

খামারি তোফায়েল আহমেদ জানান, মিনহাজ তার খামারের দরজার তালা চুরি করেছে। এ কারণে তাকে শক দেয়ার ভয় দেখানো হয়েছে। তাকে মারধর করা হয়নি। কর্মকর্তাদের কাছ থেকে অনুমতি নিয়েই মিটার ছাড়া সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করছি।

এ ঘটনায় কেরোয়া ইউপি সদস্য সোহেল হোসেন বলেন, শিশুর মা-বাবা ঘটনাটি জানিয়েছেন। উভয় পক্ষের সিদ্ধান্তে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হবে।

রায়পুর থানার ওসি আব্দুল জলিল বলেন, এ ঘটনায় শিশুটির বাবা অভিযোগ করেছেন। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!