একই সঙ্গে নিখোঁজ হলেন ননদ-ভাবী, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি
নিজ বাড়ি থেকে ননদ-ভাবী একসঙ্গে নিখোঁজ হয়েছেন। সিরাজগঞ্জের শাহজাদপুরের বেলতৈল ইউপির সাতবাড়িয়া উত্তরপাড়া গ্রামে শনিবার এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় শাহজাদপুর থানায় জিডি করা হয়েছে।
শাহজাদপুর থানার ওসি শাহীদ মাহমুদ খান জানান, সাতবাড়িয়া গ্রামের আলাউদ্দিন সরকার তার কলেজপড়ুয়া মেয়ে শারমীন আক্তার ও ছেলে নুরুন্নবী সরকারের স্ত্রী রাজিয়া সুলতানা জ্যোতিকে বাড়িতে রেখে শ্বশুরবাড়ি উপজেলার চুলধরি গ্রামে বেড়াতে যান। এ সুযোগে রাতে জ্যোতি ও শারমিন বাড়িতে থাকা স্বর্ণালঙ্কার, ল্যাপটপ ও নগদ অর্থসহ প্রায় সাড়ে ৩ লাখ টাকার জিনিসপত্র নিয়ে পালিয়ে যান। রোববার দুপুরে আলাউদ্দিন ও তার স্ত্রী বাড়ি ফিরে ঘরের দরজা খোলা পান।
এরপর মেয়ে শারমিন ও ছেলে বউ জ্যোতিকে না পেয়ে তাদের মোবাইল নম্বরে কল দেন। কিন্তু দুটি নম্বরই বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাদের না পেয়ে পরে আলাউদ্দিন শাহজাদপুর থানায় জিডি করেন। নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিখোঁজ জ্যোতির স্বামী নুরুন্নবী জানান, শনিবার বাবা ও মা নানার বাড়িতে যাওয়ার পর তার স্ত্রী ও বোন নিখোঁজ হয়। ঘটনার পেছনে অন্য কেউ জড়িত কিনা তা এখনো নিশ্চিত হতে পারেননি তিনি।
ওসি শাহীদ মাহমুদ খান বলেন, দুই নারী নিখোঁজ হওয়ার ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।