ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জয়পুরহাটে ট্রেন-বাস দুর্ঘটনায় গেটম্যান বরখাস্ত

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৯, ২০ ডিসেম্বর ২০২০
জয়পুরহাটে ট্রেন-বাস দুর্ঘটনায় গেটম্যান বরখাস্ত
জয়পুরহাটে ট্রেন-বাস দুর্ঘটনায় গেটম্যান বরখাস্ত

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় বাসের ১২ যাত্রী নিহতের ঘটনায় গেটম্যান নয়ন মিয়াকে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। রোববার দুপুরে জয়পুরহাট রেলওয়ে স্টেশন মাস্টার মো. হাবিবুর রহমান হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।

হাবিবুর রহমান বলেন, সদর উপজেলার পুরানাপৈল রেলগেটে তিনজন গেটম্যান দায়িত্ব পালন করেন। গতকাল শনিবার সকালে ওই স্থানে ট্রেন-বাস সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার সময় নয়ন মিয়া গেটম্যানের দায়িত্বে ছিলেন। দায়িত্ব পালনে অবহেলা করায় নয়নকে রেলওয়ে কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত করেছে।

এর আগে, শনিবার সকাল ৭টার দিকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী একটি বাসের ১২ যাত্রী নিহত হন। এদের মধ্যে ১০ জন ঘটনাস্থলে এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজন মারা যান। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো চারজন। এ ঘটনায় বাংলাদেশ রেলওয়ে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পুরানাপৈল রেলগেট এলাকার সানোয়ার হোসেন, মজিবর রহমান, উজ্জল হোসেনসহ স্থানীয়রা জানান, নয়ন মিয়ার বাড়ি শেরপুর জেলায় কিন্তু বিস্তারিত ঠিকানা তারা জানেন না। দীর্ঘদিন ধরেই নয়ন, মঞ্জুরুল ইসলাম ও আব্দুর রহমান নামে তিনজন গেটম্যান ৮ ঘণ্টা পর পর দায়িত্ব পালন করতেন। ঘটনার দিন রেলগেটের দায়িত্ব ছিল নয়ন মিয়ার। দায়িত্বে অবহেলার জন্য নয়ন মিয়া এককভাবে দোষী বলে এলাকাবাসী জানিয়েছেন। 

এ ব্যাপারে জয়পুরহাট জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজা হাসান জানান, জেলা প্রশাসন ও রেলওয়ে বিভাগ দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত টিমকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

রেলওয়ে বিভাগের পরিবহন কর্মকর্তা নাসির উদ্দিন, প্রকৌশলী আব্দুর রহিম, দিনাজপুরের হিলি রেলওয়ের সিনিয়ার সাব-এসিস্ট্যান্ড ইঞ্জিনিয়ার বজলুর রশিদসহ রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা জানান, দায়িত্বে অবহেলার জন্য গেটম্যান নয়ন মিয়া এককভাবে দায়ী বলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/আরএম/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!