প্রাইভেটকারের দরজা খুলতেই মিলল ৫ লাখ ডলার
যশোরের শার্শা উপজেলার উলাশি থেকে পাঁচ লাখ মার্কিন ডলারসহ দুই হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেটকারটিও উদ্ধার করা হয়েছে।
রোববার গভীর রাতে শার্শার নাভারন-উলাশি সড়কের ঢাকাগামী একটি টয়োটা প্রাইভেটকার থেকে এসব ডলার উদ্ধার করা হয়।
আটকরা হলেন- চাঁদপুরের মতলব থানার খাগুড়িয়া গ্রামের আব্দুর রশিদ ব্যাপারীর ছেলে হৃদয় মিয়া ও কুমিল্লার দাউদকান্দি থানার তুলাতুলা গ্রামের মফিজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, হুন্ডি ব্যবসায়ীদের একটি চালান ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। এমন সংবাদে রোববার গভীর রাতে নাভারন-উলাশি সড়কে তল্লাশি চালায় বিজিবি। এ সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালিয়ে দরজা ও গিয়ার বক্সে বিশেষ কায়দায় লুকানো ৫০ বান্ডিল মার্কিন ডলার উদ্ধার করা হয়। প্রতিটি বান্ডিলে ১০ হাজার করে মোট পাঁচ লাখ ইউএস ডলার ছিল। যার আনুমানিক বাজার মূল্য চার কোটি ৪০ লাখ ৫ হাজার ৩০০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, দীর্ঘদিন ধরে তারা হুন্ডি ও স্বর্ণ চোরাকারবারীর সঙ্গে জড়িত রয়েছেন।