বিছানায় মজনুর রক্তাক্ত লাশ দেখে চিৎকার দিলেন মা
চাঁদপুরে হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড় গ্রামের আনোয়ার মিয়ার বাড়ি থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার সকালে পুলিশ ও পিবিআই লাশ উদ্ধার করে ঘটনাস্থল পরিদর্শনসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে।
নিহত মজনু পাশের গাইন বাড়ির মৃত আমিন মিয়ার ছেলে। তার পাশের ঘরেই মা এবং ছোট ভাইয়ের স্ত্রী থাকতেন।
এ বিষয়ে অতিরিক্ত এসপি (হাজীগঞ্জ সার্কেল) মো. আফজাল হোসেন জানান, ধারণা করা হচ্ছে সোমবার রাতে কোনো এক সময় মজনুকে গলাকেটে হত্যা করে। হত্যাকাণ্ডের শিকার মজনু আনোয়ার মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। নিহতের ভাই মন্টুর তথ্যমতে, মজনু অসুস্থ ছিলেন। ভোরে মা তাকে দেখতে গেলে দরজা খোলা পান। এরপর খাটের ওপর মজনুর রক্তাক্ত মরদেহ দেখেই মা চিৎকার দেন।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত এসপি (হাজীগঞ্জ সার্কেল) মো. আফজাল হোসেন, হাজীগঞ্জ থানার ওসি মো. আলমগীর হোসেন রনি, পিবিআই পরিদর্শক আবু বকর সিদ্দিক। পুলিশ ও পিবিআই মরদেহের সুরতহাল রিপোর্ট ও হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করেছে।
এ বিষয়ে অতিরিক্ত এসপি (হাজীগঞ্জ সার্কেল) মো. আফজাল হোসেন বলেন, হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ এবং বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। আশা করি খুব দ্রুত রহস্য উদঘাটন হবে।