ভাড়া বাড়িতে মিলল স্কুলশিক্ষকের মরদেহ
শেরপুরের নালিতাবাড়ীতে এক স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার পৌর শহরের কাচারিপাড়া মহল্লা থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্কুলশিক্ষক নাজমুল হাসান জামালপুরের মেলান্দহ উপজেলার রুহিনী গ্রামের ছামিউল হকের ছেলে ও শাহীন স্কুল নালিতাবাড়ী শাখার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নালিতাবাড়ী শহরের কাচাড়ীপাড়া এলাকায় জনৈক শফিউল আলম খানের বাসায় একটি কক্ষ ভাড়া নিয়ে একা থাকার পাশাপাশি শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন নাজমুল হাসান। বৃহস্পতিবার সকালে ছাত্র-ছাত্রীরা প্রতিদিনের মতো নাজমুল হাসানের কাছে প্রাইভেট পড়তে গিয়ে দরজা বন্ধ দেখে। পরে শিক্ষার্থীরা ও পাশের রুমের আরেক শিক্ষক অনেক ডাকাডাকি করেও নাজমুলের কোন সাড়া পাননি। এরপর বাড়ির মালিককে জানালে তিনি ডাকাডাকি করে তার কোনো শব্দ না পেয়ে জানালা দিয়ে দেখেন নাজমুল মৃত অবস্থায় বিছানায় পড়ে আছেন।
নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।