গোপালগঞ্জে দুইজনের মরদেহ উদ্ধার
গোপালগঞ্জের কাশিয়ানীতে পৃথক ঘটনায় এক ইজিবাইক চালকসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে কাশিয়ানী উপজেলার তালতলা ও তেঘরিয়া গ্রামের খাল থেকে ওই দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
তারা হলেন কাশিয়ানী উপজেলার সাফলীডাঙ্গা গ্রামের আরিফ মিয়ার ছেলে ইজিবাইক চালক শামীম মিয়া ও একই উপজেলার তেঘরিয়া গ্রামের ঠান্ডু শেখ।
কাশিয়ানী থানার ওসি আজিজুর রহমান জানান, গত ২ নভেম্বর শামীম ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি। বৃহস্পতিবার তালতলা গ্রামের একটি খালে শামীমের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
অপরদিকে, একই উপজেলার তেঘরিয়া গ্রামের একটি খাল থেকে ঠান্ডু শেখ নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আফিয়া জানান, দুপুরে বাড়ির পাশের একটি খালের কচুরী পানা পরিষ্কার করছিলেন ঠান্ডু শেখ। এ সময় ওই খালের পানিতে ডুবে তার মৃত্যু হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।