বাসের ধাক্কায় সড়কে লাশ হলেন দুইজন
যশোরের বাঘারপাড়া উপজেলায় বাসের ধাক্কায় অটোরিকশার দুই নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন। সোমবার সন্ধ্যায় উপজেলার নড়াইল-যশোর মহাসড়কের ভাঙ্গুড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নড়াইল সদর উপজেলার দক্ষিণ নড়াইল এলাকার বাসিন্দা জিহাদের স্ত্রী তামান্না এবং বাঘারপাড়া উপজেলার বাগডাঙ্গা গ্রামের নূর মিয়ার স্ত্রী ষাটোর্ধ্ব সাফিয়া।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা নড়াইলের কালনাগামী একটি বাস নড়াইল সদর উপজেলা ও যশোরের বাঘারপাড়া উপজেলার সীমান্তবর্তী ভাঙ্গুড়া এলাকায় একটি ভ্যানকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিকে থেকে আসা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং সাত যাত্রী গুরুতর আহত হন।
যাত্রীদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে সাফিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে তামান্নাকে স্বজনরা উন্নত চিকিৎসার জন্য যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যান। কিছুক্ষণ পর তিনি মারা যান। আহত বাকিদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ওসি রিয়াজ আহমদ।