বাবা-মায়ের কলহে লাশ হলো এক বছরের শিশু মীম
মানিকগঞ্জের সিংগাইরে বাবা-মায়ের কলহে লাশ হলো তাদেরই এক বছরের শিশু মীম। ওই শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে বাবা আল-আমিনের বিরুদ্ধে।
আল-আমিন একই এলাকার আবদুল হালিমের ছেলে।
শুক্রবার সন্ধ্যায় পুলিশ ওই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ হাসপাতালের মর্গে পাঠায়।
মীমের মামা লোকমান হোসেন বলেন, গত ২ নভেম্বর রাতে আমার বোন হোসনেয়ারাকে তার স্বামী আল-আমিন ও পরিবারের লোকজন শারীরিকভাবে নির্যাতন করে। পরদিন সকালে শিশু মীমকে বাড়িতে রেখে আমার বোনকে তাড়িয়ে দেয় তার শ্বশুরবাড়ির লোকজন।
নিরুপায় হয়ে আমাদের বাড়িতে আশ্রয় নেন হোসনেয়ারা। অপরদিকে আল-আমিন একই সময় আমার এক বছরের ভাগ্নি মীমকে নিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে গত বুধবার সিংগাইর থানায় অভিযোগ দায়ের করি।
এদিকে আমরাও তাদের খুঁজতে থাকি। হঠাৎ শুক্রবার চান্দহর ইউনিয়নের বার্তা এলাকার কালিগঙ্গা নদীর পূর্ব পাশে সন্ধ্যার পর জেলেরা মাছ ধরার সময় মীমের মরদেহ ভাসতে দেখে। স্থানীয়রা সিংগাইর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি রকিবুজ্জামান বলেন, শিশু মীমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। ওই শিশুর বাবা আল-আমিন পলাতক রয়েছে।