চলনবিলে দিকহারা ৪০ পর্যটক, ছয় ঘণ্টা পর উদ্ধার
নাটোরের চলনবিলে নৌবিহারে এসে দিক হারানো নারী-শিশুসহ ৪০ পর্যটককে ছয় ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। এরপর তাদের নিরাপদে নিজ এলাকায় পৌছে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসপি লিটন কুমার সাহা।
তিনি জানান, বুধবার সকালে নওগাঁর আত্রাই থেকে পাঁচ শিশুসহ ৪০ জনের একটি পর্যটক দল চলনবিল এলাকায় নৌবিহারে আসে। সারাদিন চলনবিলের বিভিন্ন স্থানে বেড়ানোর পর সন্ধ্যায় তারা সিংড়া উপজেলার তিষিখালী মাজারে পৌঁছায়। খাওয়া শেষে রাত সাড়ে ১০টার দিকে ফিরতি পথ ধরে তারা। কিন্তু অন্ধকার আর চলনবিলের উত্তাল ঢেউয়ে দিক হারিয়ে ফেলেন মাঝি। প্রায় ৩ ঘণ্টা ভেসে থাকার পর পিয়াস নামে এক পর্যটক কল করেন ৯৯৯ নম্বরে।
.png)
এসপি আরো জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে নাটোরের সিংড়া ও গুরুদাসপুর থানার একাধিক টিম অনুসন্ধানে নামে। মোবাইল ট্রাকিং ও ঢাকার এলআইসির সহায়তায় গুরুদাসপুর উপজেলার যোগেন্দ্রনগর এলাকায় তাদের সন্ধান পায় পুলিশ। ভোর ৪টায় তাদের উদ্ধার করা হয়। এরপর নিরাপদে আত্রাই থানার সীমানা পর্যন্ত পৌঁছে দেয়া হয় ৪০ পর্যটককে।