রিকশার গ্যারেজের মাটির নিচে ড্রামে মিলল ফেনসিডিল
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে একটি গ্যারেজের মাটির নিচ থেকে ১৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব।
এ সময় ফেনসিডিল মজুত ও বিক্রির অভিযোগে ইমন সরকার নামে এক যুবককে গ্রেফতার করা হয়।
র্যাবের দাবি তিনি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। গতকাল মঙ্গলবার রাতে মাসদাইরের ঘুশেরবাগে এই অভিযান চালায় র্যাব।
.png)
র্যাব-১১ এর সিপিএসসির কমান্ডার অ্যাডিশনাল এসপি মো. জসিম উদ্দীন চৌধুরী বুধবার দুপুরে এ তথ্য জানান।
তিনি জানান, ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) ঘুশেরবাগ এলাকার একটি রিকশার গ্যারেজে অভিযান চালায়। অভিযানে ইমন সরকার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। পরে ব্যাপক তল্লাশি করে রিকশা গ্যারেজের মাটির নিচ থেকে একটি প্লাস্টিকের ড্রাম উদ্ধার করা হয়। ড্রামের ভেতরে ১৯২ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, নারায়ণগঞ্জ মাসদাইর এলাকায় সাব্বির আলমের নেতৃত্বে একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন ধরে ফেনসিডিল বিক্রি করছে। রিকশা গ্যারেজের ব্যবসার আড়ালে ফেনসিডিল ব্যবসা করে চক্রটি।
গ্যারেজের মালিক সাব্বির আলম রাজশাহী এলাকা থেকে আম ভর্তি ট্রাকে আমের আড়ালে ফেনসিডিল এনে নারায়ণগঞ্জ এলাকায় সরবরাহ করে। ইমন সরকার মাদক ব্যবসায়ী সাব্বির আলমের সহযোগী হিসেবে কাজ করে। এ চক্রের অন্যান্যদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।