শিমুলিয়ার চার নম্বর ফেরিঘাট পদ্মায় বিলীন
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকায় আবারো পদ্মার ভাঙন শুরু হয়েছে। দ্বিতীয় দফা ভাঙনের কবলে বিলীন হয়ে গেছে বিআইডব্লিউটিসি শিমুলিয়া ৪ নম্বর ফেরিঘাট।
রাত আড়ইটার দিকে ভাঙন শুরু হলে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ৪ নম্বর ফেরিঘাটটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এদিকে দুর্ঘটনা এড়াতে সকাল ৭টা থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ। বর্তমানে ভাঙন চলমান রয়েছে।
এ নিয়ে নয়দিনের ব্যবধানে দ্বিতীয় দফা ভাঙনে শিমুলিয়ার ৪টি ফেরিঘাটের মধ্যে দুটি ঘাট বিলীন হলো। এর আগে গত ২৮ জুলাই ৩ নম্বর রো রো ফেরিঘাটটি ভেঙে যায়।
.png)
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান, রাত আড়াইটার দিকে ভাঙন শুরু হয়। এরমধ্যেই ৪ নম্বর ফেরিঘাটসহ এপ্রোচ সড়ক ও ঘাটের কয়েক’শ ফুট জায়গা নদীতে বিলীন হয়ে গেছে। এদিকে সকাল ৭টায় সর্বশেষ ফেরীটি কাঁঠালবাড়ির উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ রয়েছে। ২ নম্বর ভিআইপি ঘাটের দিকে ভাঙন অগ্রসর হচ্ছে। ঘাট এলাকায় পারাপারের জন্য দুই শতাধিক গাড়ি রয়েছে বলে জানান তিনি।