ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঈদের ছুটি শেষে আখাউড়া বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৮, ৫ আগস্ট ২০২০
ঈদের ছুটি শেষে আখাউড়া বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আবারো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রফতানি শুরু হয়েছে। ছয়দিনের ছুটি শেষে বুধবার সকাল থেকে রফতানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন ভূঁইয়া। 

রফতানি শুরুর মধ্য দিয়ে আবারো কর্মমুখর হয়ে উঠেছে স্থলবন্দর। তবে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১২ মার্চ থেকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাত্রী পারাপার বন্ধ রয়েছে।

ব্যবসায়ী নেতা রাজীব উদ্দিন ভূঁইয়া জানান, ঈদুল আজহা উপলক্ষে গত ৩০ জুলাই থেকে বন্দরে ছয়দিনের ছুটি শুরু হয়। ছুটি কাটিয়ে বুধবার থেকে ভারতে পণ্য রফতানি শুরু হয়েছে। সকাল থেকে ভোজ্য তেল, সিমেন্ট ও খাদ্য সামগ্রীবোঝাই কয়েকটি ট্রাক আগরতলা স্থলবন্দরে প্রবেশ করেছে।

প্রসঙ্গত, আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন সিমেন্ট, ভোজ্য তেল, প্লাস্টিক, তুলা ও খাদ্য সামগ্রীসহ বিভিন্ন পণ্য রফতানি হয় ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায়। সেখান থেকে রফতানিকৃত পণ্য সরবরাহ করা হয় দেশটির উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!