লক্ষ্মীপুরে ঘরে বসেই কেনা যাবে কোরবানির গরু
এবার হাটে নয়, ঘরে বসেই কেনা যাবে কোরবানির গরু। করোনা পরিস্থিতিতে সুরক্ষা বা সামাজিক দূরত্বের কথা চিন্তা করে এমন উদ্যোগ নিয়েছে লক্ষ্মীপুর সদর উপজেলা প্রাণী সম্পদ বিভাগ।
পশু খামারি ও ক্রেতাদের সুরক্ষায় এরইমধ্যে ‘অনলাইন গরুর হাট-লক্ষ্মীপুর’ নামে একটি ফেসবুক পেজ খোলা হয়েছে। এতে জেলার খামারিরা তাদের গরু বিক্রি করতে পারবেন।
এছাড়াও জেলায় অনেকেই নিজের খামারের নামে ফেসবুকে পেজ খুলে সেখানে পশুর ছবি, ভিডিও, বিবরণ ও দামসহ প্রয়োজনীয় সব তথ্যই তুলে ধরেছেন। খামারিরা হাটে না এসে ঘরে বসেই অনলাইনে কোরবানির পশু কেনার প্রচারণা চালাচ্ছেন। খামার পরিদর্শনে গিয়ে খামারিদের উৎসাহ দিচ্ছেন সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. যোবায়ের হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।
এরইমধ্যে লক্ষ্মীপুরে আনলাইনে গরু-ছাগলসহ কোরবানির পশু বিক্রির জন্য প্রস্তুতি নিয়েছেন অসংখ্য কৃষক, খামারি ও ব্যবসায়ী।
কোরবানির পশু বিক্রেতা আল আমিন, তছলিম চৌধুরী ও শাহাদাত হোসেন মানিক বলেন, করোনা ঝুঁকি আছে। এই পরিস্থিতিতে হাটে গিয়ে পছন্দের পশু কেনা অনেকেরই সম্ভব হবে না। তাই তাদের জন্য অনলাইনে পশু কেনার ব্যবস্থা করেছি। তারা স্বাচ্ছন্দে সখের পশু কিনতে পারবে।
সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. যোবায়ের হোসেন বলেন, করোনাভাইরাস মানুষের জীবনধারা পাল্টে দিয়েছে। এখন অনেকেই অনলাইনে কেনাকাটা করতে চায়। তাই এসব মানুষের সুবিধার্তে সদর উপজেলা প্রাণী সম্পদ বিভাগ থেকে ‘অনলাইন গরুর হাট-লক্ষ্মীপুর’ নামে ফেসবুক পেজটি খোলা হয়েছে। এখানে খামারিরা তাদের গরুর কয়েকটি ছবি ও বিবরণ দিয়ে এ পেজে পোস্ট করবেন। খামারিদের মোবাইল নাম্বার দেয়া থাকবে। যারা পছন্দের গরু কিনবেন তারা এই পেজে ঢুকে ছবি দেখে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন।