ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাকে মারপিটের অভিযোগে পাষণ্ড ছেলে গ্রেফতার

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৫, ২৩ জুন ২০২০
মাকে মারপিটের অভিযোগে পাষণ্ড ছেলে গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাকে মারপিটের অভিযোগে পাষণ্ড ছেলে নাসিম উদ্দীনকে গ্রেফতার করেছে পুলিশ।

মায়ের করা মামলায় সোমবার দুপুরে উপজেলার শিবদিঘী পৌর মার্কেট এলাকা থেকে নাসিমকে গ্রেফতার করে পুলিশ। বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে  পাঠানো হয়েছে।

উপজেলার নন্দুয়ার ইউপির রামপুর গ্রামের আরোশা খাতুন তার ছেলে নাসিম ও ছেলে বউ আর্জিনা বেগমের বিরুদ্ধে মারধর ও হুমকি প্রদানের অভিযোগে শনিবার মামলা করেন।

ভুক্তভোগী মা আরোশা খাতুন উপজেলার নন্দুয়ার ইউপির রামপুর গ্রামের রফিজ উদ্দীনের স্ত্রী। শনিবার মারপিট ও হুঁমকি প্রদানের অভিযোগে ছেলে নাসিম উদ্দিন ও ছেলের বউ আর্জিনা বেগমের নামে থানায় মামলা করেন ভুক্তভোগী মা।

গত ১৬ জুন মা আরোশা বেগম তার নিজ ক্ষেতে পটল তুলতে গেলে ছেলে নাসিম তাকে বাধা দেয় এবং বাড়িতে আসতে বলে। কিন্তু মা ভয়ে বাড়িতে না এসে পাশের সমশের মেম্বারের বাড়ির দিকে রওয়ানা দেয়। ছেলে নাসিম ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে পথেই তার মাকে বেদম মারপিট করে। এতে মা আরোশা বেগম গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন। পরে মা এলাকাবাসীর কাছে সুষ্ঠু বিচার চান। বিচার না পেয়ে তিনি বাদী হয়ে রাণীশংকৈল থানায় একটি মামলা করেন।

মামলা করার পরও পুলিশ ব্যবস্থা না নেয়ায় ছেলের নির্যাতনের প্রতিকার চেয়ে সোমবার দুপুরে হাসপাতাল থেকে রাণীশংকৈল প্রেসক্লাবে যান ওই মা। হঠাৎ করেই প্রেসক্লাবে চলে আসেন তার ছেলে। মাকে জোর করে বাড়ি নিয়ে যেতে চায়।  ছেলের সঙ্গে তিনি বাড়ি যাবেন না বললে প্রেস ক্লাব থেকে বাইরে বেরিয়ে আসলে ছেলে টেনে হিঁচড়ে তাকে বাড়ি নিয়ে যেতে চায়। রাস্তায় শুয়ে পড়লে তাকে মারতে উদ্যত হয় নাসিম। এ সময় সেখানে উপস্থিত লোকজন উত্তেজিত হয়ে নাসিমের ওপর চড়াও হয়। পরে সংবাদকর্মীরা খবর দিলে নাসিমকে আটক করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দীপংকর ফোনে জানান, আরোশা খাতুন ছেলে ও  ছেলের বউয়ের বিরুদ্ধে তাকে মারধর ও হুমকি প্রদানসহ নির্যাতনের অভিযোগ এনে ২০ জুন মামলা করেছেন। সেই মামলায় নাসিমকে সোমবার আটক করে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!