ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ করোনাভাইরাস ]

বগুড়ায় মৃত্যুশূন্য ২৪ ঘণ্টায় শনাক্ত ১০০

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫১, ২৯ জানুয়ারি ২০২২
বগুড়ায় মৃত্যুশূন্য ২৪ ঘণ্টায় শনাক্ত ১০০
ফাইল ছবি

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ২৩৪টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১০০ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ৪২ দশমিক ৭৩ শতাংশ। একই সময়ের ব্যবধানে করোনায় ও উপসর্গে কোনো মৃত্যু হয়নি।

শনিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এ তথ্য জানানো হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত জেলায় করোনায় নতুন কোনো মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু সংখ্যা ৭৯৯ জনেই অপরিবর্তিত রয়েছে। এরমধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৬৯১ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তারা করোনা আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে মৃত্যুর এই তালিকায় করোনা উপসর্গ নিয়ে মৃতরা নেই।

আরো পড়ুন: বিদেশগামী যাত্রীর হয়ে করোনার নমুনা দিতে এসে আটক

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ৪৬ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯৭ জন। তাদের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ৩৬, মোহাম্মদ আলী হাসপাতালে ৪৭ ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন চিকিৎসাধীন।

জেলা স্বাস্থ্য বিভাগের গতকালের (শুক্রবার) দেওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায়  ৪০৩টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১৬৬ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ছিল ৪১ দশমিক ১৯ শতাংশ। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে ৯০ বছর বয়সী বদরুন্নেসা নামে এক নারী মারা যান। বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বদরুন্নেসা বগুড়া সদর উপজেলার বাসিন্দা ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: করোনা বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!