রামেকে তিন মৃত্যুর দিনে শনাক্ত ৩০৪
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন।
সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি জানান, মৃতদের মধ্যে দুজন চাঁপাইনবাবগঞ্জ ও একজন রাজশাহী জেলার বাসিন্দা। এর মধ্যে দুজন পুরুষ ও একজন নারী ছিলেন। তাদের বয়স ২১ থেকে ৬১ বছরের মধ্যে।
রামেক পরিচালক আরো জানান, ১০৪ শয্যার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪৩ জন। এর মধ্যে করোনা আক্রান্ত রোগীর ভর্তি রয়েছেন ২৯, উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৩ জন। করোনা ধরা পড়েনি এমন ভর্তি একজন রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন চারজন। এ একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৩ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুটি ল্যাবে ৫৪৫টি নমুনা পরীক্ষায় ৩০৪ জনের শরীরে করোনা ধরা পড়েছে। তারা সবাই রাজশাহী জেলার বাসিন্দা। পরীক্ষার অনুপাতে রাজশাহীতে করোনা শনাক্তের হার ৫৫ দশমিক ৭৮ শতাংশ। যা গতকাল ছিল ৬০ দশমিক ৪৯ শতাংশ।