শাহজালালে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে দুই যাত্রীর কাছ থেকে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত ৮১ দশমিক ৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। আটক মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ তথ্য জানায়।
.png)
সিআইআইডি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্টের (এ-শিফট) কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন। এ সময় দুবাই থেকে এমিরেটসের EK0584 ফ্লাইটে আসা যাত্রী রোমান মিখাইলভ গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার ব্যাগেজ স্ক্যান করা হয়।
পরে ব্যাগেজে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৭৮ দশমিক ৫০ লিটার বিদেশি মদ পাওয়া যায়। বিদেশি পাসপোর্টধারী ওই যাত্রীর জন্য প্রযোজ্য ব্যাগেজ রুলস অনুযায়ী ১ লিটার মদ শুল্কমুক্তভাবে আনার সুযোগ রয়েছে। ফলে অনুমোদিত ১ লিটার বাদ দিয়ে বাকি ৭৭ দশমিক ৫০ লিটার মদ আটক করা হয়।
অন্যদিকে, গত ২৯ সেপ্টেম্বর রাতে তার্কিশ এয়ারলাইনসের TK0712 ফ্লাইটে আসা যাত্রী সামিউল ইসলাম গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তার ব্যাগেজ স্ক্যান করা হয়। তল্লাশিতে বিভিন্ন ব্র্যান্ডের আরও ৪ লিটার বিদেশি মদ পাওয়া গেলে তা আটক করেন কাস্টমস কর্মকর্তারা।
সিআইআইডি জানিয়েছে, দুই ঘটনায় অনুমোদিত ১ লিটার বাদ দিয়ে মোট ৮১ দশমিক ৫০ লিটার বিদেশি মদ আটক করা হয়েছে। এসব মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।
চোরাচালান ও ব্যাগেজ সুবিধার অপব্যবহার ঠেকাতে বিমানবন্দরের গ্রিন চ্যানেলসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং এবং নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে এ ধরনের অভিযান পরিচালনা করছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।