পূর্বাচলে মই থেকে পড়ে স্যানিটারি মিস্ত্রির মৃত্যু
রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় মই থেকে পড়ে তাজিম নামে এক স্যানিটারি মিস্ত্রির মৃত্যু হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে স্বদেশ প্রপার্টিজ এলাকায় ২০ তলা নির্মাণাধীন ভবনের বেসমেন্টে এ দুর্ঘটনা ঘটে।
.png)
নিহতের সহকর্মী আরিফুল ইসলাম তুষার জানান, তিনি ও তাজিম একসঙ্গে কাজ করতেন। প্রায় দুই মাস আগে স্যানিটারি মিস্ত্রি হিসেবে কাজ শুরু করেন তাজিম। দুর্ঘটনার সময় ভবনের বেসমেন্টে প্রায় একতলা সমান উঁচু স্থানে মইয়ে উঠে স্যানিটারির কাজ করছিলেন তিনি। একপর্যায়ে পা পিছলে নিচে পড়ে গিয়ে মাথার পেছনে গুরুতর আঘাত পান।
তাজিমের মামি শারমিন আক্তার জানান, রাত ৯টার দিকে স্বদেশ প্রপার্টিজের পক্ষ থেকে ফোন করে দুর্ঘটনার খবর জানানো হয়। পরে তারা জানতে পারেন, ভবনটির তৃতীয় বেসমেন্টে কাজ করার সময় ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন তাজিম।
সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা জানান, তাজিমের বাড়ি ফরিদপুরের নগরকান্দা থানার বড় কাজুলী গ্রামে। তার বাবার নাম ইয়ামিন মোল্লা। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। প্রায় এক বছর আগে বিয়ে করেন তাজিম। তিনি ৩০০ ফিটের স্বদেশ প্রপার্টিজ এলাকাতেই থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান তাজিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।