দখলমুক্তকরণ ও ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির অভিযান
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে রাজধানীর রাজারবাগ এলাকায় রাস্তা ও জনসাধারণের চলাচলের পথ দখলমুক্তকরণ, এলাকা পরিদর্শন এবং ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় রাজারবাগের মোমিনবাগ গলিতে এ কার্যক্রম পরিচালিত হয়। কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
.png)
অভিযানকালে রাস্তায় জমে থাকা পানি অপসারণ ও আশপাশের এলাকার সার্বিক পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি ও সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে একটি নির্মাণাধীন ভবনের গ্রাউন্ড ফ্লোরে পানি জমে থাকার কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবন মালিক ও সংশ্লিষ্টদের জমে থাকা পানি অপসারণ এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি না হওয়ার বিষয়ে সতর্ক করা হয়।
পরিদর্শন শেষে প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি, নির্মাণাধীন ভবন, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় পানি জমতে না দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি রাস্তা, ফুটপাত ও জনসাধারণের চলাচলের স্থান দখল করে কোনো ধরনের স্থাপনা বা প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা, নগরীর রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
উক্ত পরিদর্শনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।