ওয়াসার পানির বাড়তি টাকা গুনতে হবে সোমবার থেকে
পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার (১ জুলাই) থেকে ১০ শতাংশ বাড়িয়ে এক হাজার লিটার পানির দাম নির্ধারণ করা হয়েছে ১৬ টাকা ৭০ পয়সা। এ নিয়ে গত ১৬ বছরে ১৬ বার পানির দাম বাড়ালো ওয়াসা।
পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার (১ জুলাই) থেকে বাড়ছে ওয়াসার পানির দাম। এবার ১০ শতাংশ বাড়িয়ে এক হাজার লিটার পানির দাম নির্ধারণ করা হয়েছে ১৬ টাকা ৭০ পয়সা।
ঢাকা ওয়াসার দাবি, পরিচালনা ব্যয় এবং বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধের টাকার পরিমাণ বেড়ে যাওয়ায় তাদের পানির দাম সমন্বয় করতে হয়েছে। এরসঙ্গে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবং ডিএসএল পরিশোধের বিষয়ও জড়িত।
গত ২৯ মে এক বিজ্ঞপ্তিতে পানির দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছিল ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটি বলছে, ওয়াসা আইন ১৯৯৬ এর ২২ ধারা অনুযায়ী মুদ্রাস্ফীতি সমন্বয় করার লক্ষ্যে ১ জুলাই থেকে আবাসিক গ্রাহকদের জন্য প্রতি এক হাজার লিটার পানির দাম নির্ধারণ করা হয়েছে ১৬ টাকা ৭০ পয়সা, যার দাম বর্তমানে ১৫ টাকা ১৮ পয়সা।
অন্যদিকে বাণিজ্যিক গ্রাহকদের জন্য একই পরিমাণ পানির জন্য ৪৬ টাকা ২০ পয়সা গুনতে হবে। যার বর্তমান মূল্য ৪২ টাকা।
তবে আইন অনুযায়ী, প্রতি বছর ৫ শতাংশ হারে পানির দাম বাড়াতে পারে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। সেক্ষেত্রে ঢাকা ওয়াসার বোর্ড সভায় অনুমোদন পেতে হয় বিষয়টি। আর এর চেয়ে বেশি পানির দাম বাড়াতে হলে অনুমোদন নিতে হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছ থেকে। অভিযোগ রয়েছে, এবার ১০ শতাংশ পানির দাম বৃদ্ধির বিষয়টি ঢাকা ওয়াসার বোর্ড সভায় তোলা হয়নি।
ওয়াসা ২০১৭ সাল থেকে শুরু করে টানা তিন বছর পাঁচ শতাংশ করে পানির দাম বাড়িয়েছে। সরকারের অনুমোদনের পর ২০২০ সালে আবাসিক গ্রাহকদের জন্য পানির দাম ২৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। সর্বশেষ ২০২২ সালের জুলাইয়ে ঢাকা ওয়াসা পানির দাম পাঁচ শতাংশ বাড়িয়েছিল।