যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ১
রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় ট্রাকের চাপায় ব্যাটারিচালিত রিকশাভ্যানের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালক আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।
নিহতের নাম শামীম (৩৫)। তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পূর্ব টিয়াখালী গ্রামের শাহজাহানের ছেলে। আহত ভ্যানচালকের নাম রাসেল (২০)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান।
তিনি জানান, ভোরে কাপ্তান বাজার থেকে মুরগি কিনে এক মুরগি ব্যবসায়ীর সহকারী শামীম ব্যাটারিচালিত রিকশাভ্যানে করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাচ্ছিলেন। পথে যাত্রাবাড়ী চৌরাস্তায় একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শামীমের মৃত্যু হয় এবং ভ্যানচালক রাসেল আহত হন।
পরে রাসেলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শামীমের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এসআই মিজানুর রহমান আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট মুরগি ব্যবসায়ী ঘটনাস্থল থেকে তার মুরগিগুলো নিয়ে যান।