ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

শাহজালালে লাগেজের গতিবিধি দেখা যাবে সরাসরি, বসেছে ৩২ ক্যামেরা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:১২, ১৮ অক্টোবর ২০২৬
শাহজালালে লাগেজের গতিবিধি দেখা যাবে সরাসরি, বসেছে ৩২ ক্যামেরা
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়াতে আটটি লাগেজ বেল্ট এলাকায় ৩২টি সিসিটিভি ক্যামেরা ও ৬৫ ইঞ্চির ১৮টি মনিটর স্থাপন করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এর ফলে উড়োজাহাজ থেকে লাগেজ নামানো, বাছাই এবং বেল্টে পৌঁছানো পর্যন্ত বিভিন্ন ধাপের কার্যক্রম সরাসরি দেখতে পারবেন যাত্রীরা।

শনিবার (১৭ অক্টোবর) বেবিচক এ তথ্য জানায়। সংস্থাটি বলছে, যাত্রীসেবার মানোন্নয়ন, লাগেজের নিরাপত্তা জোরদার এবং লাগেজ হ্যান্ডলিং কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ৬ সেপ্টেম্বর বিমানবন্দরটি আকস্মিক পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সে সময় যাত্রীসেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে লাগেজ হ্যান্ডলিং কার্যক্রমের তাৎক্ষণিক চিত্র প্রদর্শনের জন্য ‘লাইভ মনিটরিং স্ক্রিন’ স্থাপনের নির্দেশ দেন তিনি। এর প্রায় দেড় মাস পর ক্যামেরা ও মনিটর স্থাপনের কথা জানাল বেবিচক।

নতুন ব্যবস্থায় উড়োজাহাজ থেকে লাগেজ নামানোর পর নির্ধারিত স্থানে পরিবহন, বাছাই এবং লাগেজ বেল্টে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়া মনিটরে সরাসরি দেখা যাবে। এতে লাগেজ ব্যবস্থাপনার বিভিন্ন ধাপ সম্পর্কে যাত্রীরা স্পষ্ট ধারণা পাবেন বলে আশা করছে কর্তৃপক্ষ।

বেবিচকের প্রত্যাশা, এ প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে লাগেজ ব্যবস্থাপনায় দক্ষতা ও জবাবদিহি বাড়বে। পাশাপাশি লাগেজ সংগ্রহের সময় যাত্রীদের ভোগান্তি কমানো এবং তাদের আস্থা বৃদ্ধিতেও এটি ভূমিকা রাখবে।

সংস্থাটি জানিয়েছে, প্রবাসীসহ দেশি-বিদেশি সব যাত্রীর নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর ও যাত্রীবান্ধব সেবার সম্প্রসারণ অব্যাহত রয়েছে। দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে সেবার মান উন্নয়নের অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!