কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড
কানাডার আলবার্টা প্রদেশে অবস্থিত দেশটির সামরিক ঘাঁটি সিএফবি ওয়েইনরাইটে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক ব্যক্তি নিহত ও আহত হয়েছেন। শনিবার (স্থানীয় সময়) এ ঘটনা ঘটে। তবে হতাহতদের সুনির্দিষ্ট সংখ্যা এবং আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
কানাডার প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিন্টি হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি ক্ষতিগ্রস্ত সামরিক সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কেন্দ্রীয় সরকার ঘনিষ্ঠভাবে সমন্বয় করছে বলে জানান তিনি।
প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ অগ্নিকাণ্ডকে ‘ভয়াবহ ও মর্মান্তিক’ বলে বর্ণনা করেছেন। এতে বেশ কয়েকজন সামরিক সদস্য ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে উল্লেখ করে তিনি উদ্ধারকাজে নিয়োজিত জরুরি সেবাকর্মীদের ধন্যবাদ জানান।
এদিকে বিরোধী কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পলিয়েভর প্রধানমন্ত্রী কার্নি ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার পর ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি স্থানীয় বাসিন্দাদের প্রার্থনা করার পাশাপাশি জরুরি নির্দেশনা মেনে চলতে এবং উদ্ধারকর্মীদের চলাচলের সুবিধার্থে সড়ক ফাঁকা রাখার আহ্বান জানিয়েছেন।
ওয়েইনরাইট শহরের কাছে অবস্থিত সামরিক ঘাঁটিটি আলবার্টার রাজধানী এডমন্টন থেকে প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
এ ঘটনার কয়েক দিন পর আলবার্টায় কানাডা থেকে স্বাধীনতার উদ্যোগ নেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে কি না, তা নিয়ে প্রাদেশিক ভোট হওয়ার কথা রয়েছে। তবে সামরিক ঘাঁটির অগ্নিকাণ্ডের সঙ্গে ওই ভোটের কোনো সম্পর্ক রয়েছে বলে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।