ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মেট্রোরেলের নতুন সময়সূচি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৫, ১৩ মে ২০২৩
মেট্রোরেলের নতুন সময়সূচি
ফাইল ফটো

মেট্রোরেল চলাচলের নতুন সময় নির্ধারণ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচলের পরিকল্পনা নিয়েছে। ২১ মে থেকে নতুন সূচি অনুযায়ী মেট্রোরেলে যাত্রীরা চলাচল করতে পারবেন। বর্তমানে সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে।

শনিবার ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক বলেন, আগামী জুলাইয়ের মধ্যে রাত পর্যন্ত মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত আছে। আগামীকাল রোববার (১৪ মে) সময়সূচি চূড়ান্ত হতে পারে।

Advertisement

ডিএমটিসিএল সূত্র জানায়, নতুন সূচিতে দিনের ১২ ঘণ্টাকে চার ভাগে বিভক্ত করা হয়েছে। সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত পিক আওয়ার বিবেচনা করে সে সময়ে প্রতি ১০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে। বেলা ১১টার পর থেকে বেলা ৩টা পর্যন্ত অফ পিক আওয়ার বিবেচনায় নিয়ে প্রতি ১৫ মিনিট পরপর মেট্রোরেল চলবে। 

বেলা ৩টার পর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পিক আওয়ার হিসেবে বিবেচনা করে সে সময় প্রতি ১০ মিনিট পরপর মেট্রোরেল চলবে। অন্যদিকে ৬টার পর থেকে রাত ৮টা পর্যন্ত অফ পিক বিবেচনায় প্রতি ১৫ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করবে।

মেট্রোরেলের চলাচল বন্ধ থাকবে (সাপ্তাহিক বন্ধ) শুক্রবার। বর্তমানে মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার। মূলত অফিসগামী যাত্রীদের জন্যই শুক্রবার বন্ধ রাখার কথা বিবেচনায় নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: মেট্রোরেল
লিংক সফলভাবে কপি হয়েছে!