ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ছিনতাইয়ে বাধা, চাপাতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে কোপাল ছিনতাইকারীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০০, ৩ এপ্রিল ২০২৩
ছিনতাইয়ে বাধা, চাপাতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে কোপাল ছিনতাইকারীরা
আহত শিক্ষার্থী অপূর্ণা আক্তার ইতি। ছবি: ডেইলি বাংলাদেশ

ছিনতাইয়ে বাধা দেওয়ায় রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্টের এক ছাত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে ছিনতাইকারীরা। ঐ ছাত্রীর নাম অপূর্ণা আক্তার ইতি।

রোববার রাত সোয়া ১০টার দিকে রাজধানীর আফতাব নগরের বি ব্লকে এ ঘটনা ঘটে। ঘটনার পর রাতেই ঐ ছাত্রীকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতি ইস্ট ওয়েস্টের ২০২১-২২ ব্যাচের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী।

আহত শিক্ষার্থীর সহপাঠী তানভীর কায়েস বলেন, রাতে জিম থেকে বাসার উদ্দেশ্যে রওনা হয় ইতি। এসময় ৩-৪ জন ছিনতাইকারী তার পথরোধ করে মোবাইল, টাকা ও ব্যাগ চায়। ইতি এগুলো দিতে না চাইলে তাদের মধ্যে প্রথমে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে চাপাতি দিয়ে ইতিকে এলোপাতাড়ি কোপায় ছিনতাইকারীরা। তাকে মারাত্মকভাবে আহত করে সব নিয়ে পালিয়ে যায় তারা।

Advertisement

কামরুল হাসান সাকিব নামে জিম সহকারী বলেন, রাত ১০টায় ঢাকা ইমপেরিয়াল কলেজ সংলগ্ন জিম থেকে বের হয়ে বাসায় ফিরছিলাম। তখন ফোনে খবর পাই একটা মেয়ে ছিনতাইকারীর কবলে পড়েছে। দৌঁড়ে ঘটনাস্থলে গিয়ে শুধু রক্ত আর রক্ত দেখতে পাই। ততক্ষণে অন্য শিক্ষার্থীরা মেয়েটাকে হাসপাতালের নিয়ে যায়।

বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আহত অবস্থায় শিক্ষার্থীকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িত ছিনতাইকারীদের শনাক্তে একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় বাড্ডা থানায় মামলা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ছিনতাই
লিংক সফলভাবে কপি হয়েছে!