ঢাকা,  মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

মায়ের লাশের পাশেই ঘুমিয়ে ছিল মীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৮, ১৭ জানুয়ারি ২০২৩
মায়ের লাশের পাশেই ঘুমিয়ে ছিল মীরা
মীরা আক্তার খুনের ঘটনায় গ্রেফতার দুজন- মো. শিপন ও আসাদুল ইসলাম- ছবি: সংগৃহীত

রাজধানীর রূপনগরে নিজেদের বাড়িতেই থাকতেন মায়া বেগম। সঙ্গে থাকতো মেয়ে মীরা আক্তার। সেই বাড়িতেই খুন হন মায়া বেগম। এরপর রাতভর মায়ের লাশের পাশেই ঘুমিয়ে ছিল সাত বছর বয়সী মীরা। গত রোববার সকালে পুলিশ রূপনগরের ‘ট’ ব্লকে পাঁচতলা বাড়ির দ্বিতীয় তলা থেকে মায়ার লাশ উদ্ধার করে।

গতকাল (সোমবার, ১৬ জানুয়ারি) ঐ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার দুজন হলো- মো. শিপন (৪৫) ও আসাদুল ইসলাম (৩৫)।

শিপন ঐ বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকে। আসাদুল পাশের একটি বাড়ির ভাড়াটিয়া। দুজনেই পূর্বপরিচিত। বাসাবাড়ি বদলের শ্রমিক হিসেবে কাজ করে তারা।

পুলিশ জানিয়েছে, শিপনের পরিকল্পনায় শনিবার রাতের কোনো এক সময়ে এ হত্যাকাণ্ড ঘটে। তাকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। গ্রেফতারের পর দুজনই হত্যার কথা স্বীকার করেছে। তবে কারণ সম্পর্কে নানা সময়ে নানা কথা বলছে।

ঐ বাড়ির নিচের একটি ফ্ল্যাটের ভাড়াটিয়া রানু বেগম জানান, শনিবার ভোরে বাসার মূল গেট খোলা দেখে পাশের ভাড়াটিয়াদের ডাক দেন তিনি। এরপর দ্বিতীয় তলার সিঁড়ির লাইটও বন্ধ পান। তখন উঁকি দিয়ে দেখতে পান মায়া বেগমের দরজার কলাপসিবলও খোলা। এরপর তিনি সবাইকে ডাকাডাকি করেন। প্রতিবেশীদের নিয়ে ঐ ফ্ল্যাটে গিয়ে মায়া বেগমকে খাটের ওপর রক্তাক্ত অবস্থায় শুয়ে থাকতে দেখেন। তখন তার মেয়ে মীরা পাশেই ঘুমাচ্ছিল। পরে তাকে ঘুম থেকে তোলা হয়। মায়ার ভাই আওলাদ হোসেনকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

গতকাল সোমবার পুলিশের মিরপুর বিভাগের ডিসি মো. জসীম উদ্দীন মোল্লা জানান, এ ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা হলে তারা রহস্য উদঘাটনে মাঠে নামেন। এক পর্যায়ে শিপন ও আসাদুলকে গ্রেফতার করলে তারা খুনের কথা স্বীকার করেন।

আসাদুল বলেছেন, শিপন তার বাসায় বিরিয়ানি খাওয়ার কথা বলে তাকে ঘটনার দিন রাত ১২টার দিকে ডেকে নেয়। সে তার ফ্ল্যাটে না গিয়ে বাড়িওয়ালার দ্বিতীয় তলার ফ্ল্যাটে গিয়ে কলিং বেলে চাপ দেয়। এরপর বাড়ি মালিক মায়া বেগম দরজা খুলে দিলে শিপন তাকে জানায়, ‘মামি টাইলসের কাজ কেমন হয়েছে তা দেখতে এসেছি। এরপর শিপন ভেতরে ঢোকে। তখন সে (সাইদুল) দরজার সামনে দাঁড়িয়ে ছিল। কিছুক্ষণ পর গোঙানির শব্দ পেলে ভেতরে ঢুকে দেখেন শিপন মায়াকে ছুরি দিয়ে কোপাচ্ছে। 

ডিসি জসীম উদ্দীন বলেন, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত। তারা ছুরি নিয়ে মায়ার বাসায় গিয়েছিল। হয়তো ভাড়াটিয়া হওয়ায় শিপনকে মধ্যরাতে দরজা খুলে দেন মায়া। তা ছাড়া কিছুদিন আগে শিপন ঐ বাসায় টাইলসের কাজ করেছিল। তবে তার কাজ পছন্দ না হওয়ায় মায়া নতুন মিস্ত্রি দিয়ে ফের কাজ করান। এ নিয়ে ক্ষোভ থাকতে পারে শিপনের। চুরি বা অন্য কোনো ঘটনা ছিল কী না তাও জানার চেষ্টা করা হচ্ছে।

রূপনগর থানার ওসি আরিফুর রহমান সরদার জানান, খুনের সময় আসাদুল উপস্থিত ছিল জানিয়ে আদালতে স্বীকারোক্তি দিয়েছে। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। তবে শিপন একেক সময়ে একেক তথ্য দেওয়ায় তাকে রিমান্ডে এনে রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

ওসি বলেন, তারা ধারণা করছেন, বাসায় লুটপাট চালাতে এ হত্যাকাণ্ড ঘটানো হতে পারে। তবে মায়া ছাড়া বাসায় অন্য কেউ না থাকায় কিছু লুট হয়েছে কি না তা বোঝা যাচ্ছে না। এ ছাড়া ঐ নারীর সঙ্গে শিপনের কোনো সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ড কি না তাও যাচাই করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!