ঢাকা, বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
ছয় দশকের স্মৃতিতে মুখর চবি, হীরকজয়ন্তীতে প্রাক্তন-বর্তমানের মিলনমেলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে উদ্যাপিত হয়েছে হীরকজয়ন্তী উৎসব। আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণ, পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গত বুধবার (১৮ নভেম্বর) দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অ্যালামনাই এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণে উৎসবমুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
হীরকজয়ন্তী উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম। শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, অ্যালামনাই ও আমন্ত্রিত অতিথিরা শোভাযাত্রায় অংশ নেন।
শান্তির পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করা হয়। শহীদ মিনার থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়। সেখানে কেক কাটার মধ্য দিয়ে হীরকজয়ন্তীর আনুষ্ঠানিকতা শুরু হয়।
সকাল ১১টায় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও হীরকজয়ন্তী আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।
অনলাইনে যুক্ত হয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রয়েছে সমৃদ্ধ ঐতিহ্য, অভিজ্ঞ শিক্ষকসমাজ ও বিস্তৃত অ্যালামনাই নেটওয়ার্ক। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এ বিশ্ববিদ্যালয়ের সামনে রয়েছে অপার সম্ভাবনা। এ সম্ভাবনাকে কাজে লাগাতে গবেষণার পরিধি বাড়ানোর পাশাপাশি গবেষণার ফলাফল শিল্প ও উৎপাদন খাতের সঙ্গে যুক্ত করতে হবে।"
মন্ত্রী আরও বলেন, "শিল্পপ্রতিষ্ঠান, কৃষি খাতসহ বিভিন্ন উৎপাদনমুখী প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গবেষকদের যৌথভাবে কাজ করার সুযোগ তৈরি করা প্রয়োজন। গবেষণা, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল অবকাঠামোর সমন্বয়ে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা গেলে শিক্ষা ও গবেষণার মান উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরেও বিশ্ববিদ্যালয়ের অবস্থান সুদৃঢ় হবে।"
বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি কেবল একটি সময়ের হিসাব নয়; এটি জ্ঞানচর্চা, সংগ্রাম, নেতৃত্ব ও জাতি গঠনে বিশ্ববিদ্যালয়টির দীর্ঘ পথচলার প্রতিচ্ছবি। বিশ্ববিদ্যালয়কে আরও সমৃদ্ধ ও গবেষণানির্ভর প্রতিষ্ঠানে পরিণত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।"
তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়ের গবেষণার সঙ্গে দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোর কার্যকর সংযোগ তৈরি করা প্রয়োজন। এতে শিক্ষার্থীরা অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন। পাশাপাশি শিল্প খাতের উন্নয়ন ও জাতীয় অর্থনীতিতেও অবদান রাখা সম্ভব হবে। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি গবেষণার পরিবেশ সমৃদ্ধ করার ওপরও গুরুত্ব দেন তিনি।"
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শুধু একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি আবেগের নাম। শিক্ষা, জ্ঞানচর্চা, বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ড ও সংস্কৃতিতে বিশ্ববিদ্যালয়টির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বিশেষ করে শাটল ট্রেন বিশ্ববিদ্যালয়ের অনন্য বৈশিষ্ট্য। এটি শুধু শিক্ষার্থীদের যাতায়াতের মাধ্যম নয়, বরং তারুণ্যের উচ্ছ্বাস, গান, কবিতা, বিতর্ক ও স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে।"
তিনি আরও বলেন, "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশকে বহু বিজ্ঞানী, অর্থনীতিবিদ, প্রশাসক, রাজনীতিবিদ ও সমাজসেবী উপহার দিয়েছে। তাঁদের অবদান দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এ সময়ে বিশ্ববিদ্যালয়কে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।"
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, "হীরকজয়ন্তী শুধু অতীতের অর্জন স্মরণ করার আয়োজন নয়; বরং অতীতের অভিজ্ঞতা, বর্তমানের মূল্যায়ন ও ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণের উপলক্ষ। আগামী ৭৫ ও ১০০ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কোথায় দেখতে চাই, তা সামনে রেখেই পরিকল্পনা গ্রহণ করতে হবে।
উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের প্রত্যাশিত টিএসসি নির্মাণ প্রকল্পটি ৫০ কোটি টাকা ব্যয়ে সম্প্রতি অনুমোদিত হয়েছে। আগের প্রশাসনের উদ্যোগের ধারাবাহিকতায় বর্তমান প্রশাসনের প্রচেষ্টায় প্রকল্পটি অনুমোদন পেয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রকল্পটির কার্যক্রম শুরু করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।"
গত আট মাসে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে উপাচার্য বলেন, "আন্তর্জাতিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেল পুনর্গঠন করা হয়েছে। ১২৫টি করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও হাতে-কলমে কাজের সুযোগ তৈরি হবে।"
তিনি আরও জানান, আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নয়নে র্যাঙ্কিং সেল গঠন করা হয়েছে। শিক্ষকদের উদ্ভাবন ও পেটেন্ট কার্যক্রমে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখানোর জন্য কনফুসিয়াস সেন্টার চালু হয়েছে। চীন থেকে আসা শিক্ষক সেখানে পাঠদান শুরু করেছেন। আধুনিক ভাষা ইনস্টিটিউটের মাধ্যমে আরও আটটি ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এমফিল, এমএসসি থিসিস ও পিএইচডি গবেষকদের গবেষণা সহায়তা বাড়ানো হয়েছে।"
বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট প্রসঙ্গে উপাচার্য বলেন, "এ সমস্যা সমাধানে ৬৭৮ কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা কমিশনে রয়েছে। প্রকল্পটি দ্রুত অনুমোদনের জন্য সরকারের সহযোগিতা কামনা করেন তিনি। এ ছাড়া শিক্ষার্থীদের যাতায়াতব্যবস্থা উন্নয়নে শাটল ট্রেনের সংখ্যা ও ব্যবস্থাপনা বাড়ানোর বিষয়েও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।"
উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জ্ঞান সৃষ্টি ও বিতরণের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অর্জনের সঙ্গে শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও অ্যালামনাইদের অবদান জড়িয়ে রয়েছে।"
শিক্ষা কার্যক্রমের আধুনিকায়ন প্রসঙ্গে তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে এবং আউটকাম বেজড এডুকেশন (ওবিই) পদ্ধতি বাস্তবায়ন করা হচ্ছে। প্রথমবারের মতো সব বিভাগের প্রথম সেমিস্টারের পরীক্ষা নির্ধারিত সময়ে সম্পন্ন হয়েছে। অধিকাংশ বিভাগের ফলাফল ২৫ দিনের মধ্যে প্রকাশ করা সম্ভব হয়েছে। ফলাফল প্রকাশের দীর্ঘসূত্রতা কমাতে পরীক্ষার নম্বর ও মূল্যায়ন কার্যক্রমে অটোমেশন পদ্ধতিও চালু করা হয়েছে।"
উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে উদ্ভাবনমুখী, প্রযুক্তিনির্ভর, গবেষণাবান্ধব ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত শিক্ষার্থীকেন্দ্রিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করাই তাঁদের লক্ষ্য। এ লক্ষ্যে আর্থিক ব্যবস্থাপনা, সনদ উত্তোলন ও যাচাইয়ের কার্যক্রম অটোমেশনের আওতায় আনা হয়েছে। ফলাফল প্রকাশের প্রক্রিয়াও অনলাইনে নেওয়ার উদ্যোগ চলছে। পাশাপাশি গবেষণা, তৃতীয় ভাষা শিক্ষা ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।"
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ ও পুনর্মিলনী পর্ব। এতে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, সাবেক ছাত্রনেতা, ছাত্র সংসদের সাবেক ভিপি, জিএস ও এজিএসসহ বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে থাকা প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। তাঁরা বিশ্ববিদ্যালয়জীবনের স্মৃতি, অভিজ্ঞতা ও নানা অর্জনের কথা তুলে ধরেন।
স্মৃতিচারণে উঠে আসে বিশ্ববিদ্যালয়ের অতীত দিনের নানা ঘটনা, শিক্ষাজীবনের আনন্দ-বেদনা, বন্ধুত্ব, সাংগঠনিক কর্মকাণ্ড ও বিশ্ববিদ্যালয়ের বিকাশের বিভিন্ন অধ্যায়। বিভিন্ন প্রজন্মের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় আবেগঘন হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রভোস্ট, শিক্ষক, প্রক্টর, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, প্রশাসক, সহকারী প্রক্টর, আয়োজক কমিটির সদস্য, আবাসিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অ্যালামনাই ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।