ঢাকা,  বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ ক্যাম্পাস ]

জাবিতে কোরিয়া-বাংলাদেশের যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী ২৪ জানুয়ারি

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৭, ১৯ নভেম্বর ২০২৬
জাবিতে কোরিয়া-বাংলাদেশের যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী  ২৪ জানুয়ারি
উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দক্ষিণ কোরিয়া থেকে আগত প্রতিনিধিদল ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামী বছরের ২৪ জানুয়ারি কোরিয়া-বাংলাদেশের যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কোরিয়া-বাংলাদেশ ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন প্রজেক্টের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।

 

বুধবার (১৮ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে দক্ষিণ কোরিয়া থেকে আগত প্রতিনিধিদল এ আয়োজনের বিস্তারিত তুলে ধরে। এ সময় উপ-উপাচার্য কোরীয় প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং অনুষ্ঠান সফল করতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কোরিয়ান ইউনিভার্সিটি কাউন্সিল ফর সোশ্যাল সার্ভিসের সহকারী ব্যবস্থাপক ইয়ং ইউন চো (Young Eun Cho), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোরীয় ভাষা প্রশিক্ষক ইও জিইয়ন (EO Jiyoun) ও লিম বঙ ট্যাক (Lim Bong Taek)। এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, শারীরিক শিক্ষা অফিসের উপপরিচালক আজমল আমীন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ উপপরিচালক মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকল্পটির আওতায় আগামী ১৩ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে কোরিয়ার ঐতিহ্যবাহী নৃত্য, তায়কোয়ান্দো ও কোরীয় সংগীত পরিবেশন করা হবে। পাশাপাশি রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নৃত্য ও সংগীত পরিবেশন করবেন।

আয়োজকদের মতে, এ উদ্যোগের মূল লক্ষ্য কোরীয় ভাষা, তায়কোয়ান্দো ও কে-কালচার বিষয়ে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ সৃষ্টি করা। পাশাপাশি দুই দেশের তরুণদের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়া জোরদার, টেকসই দ্বিপক্ষীয় অংশীদারত্ব গড়ে তোলা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বৈশ্বিক যুব সংহতি প্রতিষ্ঠায় যৌথ উদ্যোগকে উৎসাহিত করা।

ডেইলি-বাংলাদেশ/জাবি/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!