ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ ক্যাম্পাস ]

রাকসু নির্বাচনের তফসিল ও সিনেট সচল করতে ৪ দিনের আলটিমেটাম

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫১, ১২ নভেম্বর ২০২৬
রাকসু নির্বাচনের তফসিল ও সিনেট সচল করতে ৪ দিনের আলটিমেটাম
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের পরবর্তী তফসিল ঘোষণা এবং নির্বাচিত সিনেট প্রতিনিধিদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চার দিনের আলটিমেটাম দিয়েছে ‘রাবি সংস্কার আন্দোলন’। আগামী ১৬ নভেম্বরের মধ্যে এসব দাবি বাস্তবায়নে দৃশ্যমান উদ্যোগ নেওয়া না হলে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে রাবি সংস্কার আন্দোলনের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে রাবি সংস্কার আন্দোলনের সহ-মুখপাত্র জান্নাতুল ফেরদৌস লিখিত বক্তব্যে দুটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—আগামী ১৬ নভেম্বরের মধ্যে রাকসু নির্বাচনের পরবর্তী তফসিল ঘোষণা এবং নির্বাচিত সিনেট প্রতিনিধিদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করে সিনেট অধিবেশন আহ্বান ও কার্যক্রম সচল করা।

লিখিত বক্তব্যে জান্নাতুল ফেরদৌস বলেন, দীর্ঘ ৩৫ বছর পর শিক্ষার্থীদের আন্দোলন ও প্রত্যাশার মধ্য দিয়ে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যে গণতান্ত্রিক চর্চার সূচনা হয়েছে, তার ধারাবাহিকতা বজায় রাখা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব। একইভাবে নির্বাচিত সিনেট প্রতিনিধিদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা এবং নিয়মিত সিনেট অধিবেশন আয়োজন বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক কাঠামো সচল রাখার জন্য অপরিহার্য।

সংগঠনটির অভিযোগ, প্রশাসনিক দীর্ঘসূত্রতা ও নানা অজুহাতে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে রাখা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়নে উদ্যোগ নেওয়া না হলে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে বলেও জানানো হয়।

এ ছাড়া রাকসু নির্বাচন ও সিনেটের কার্যক্রম সচলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনকে চলমান কর্মসূচিতে একযোগে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে রাবি সংস্কার আন্দোলন। সংগঠনটির নেতারা বলেন, রাকসু কোনো ব্যক্তি বা নির্দিষ্ট সংগঠনের সম্পত্তি নয়; এটি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর গণতান্ত্রিক অধিকার ও প্রতিনিধিত্বের প্রতিষ্ঠান। তাই রাজনৈতিক ও সাংগঠনিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।

একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিও আহ্বান জানিয়েছে সংগঠনটি। তাদের ভাষ্য, এসব বিশ্ববিদ্যালয়ের ডাকসু, জাকসু ও চাকসুর নির্বাচিত সংসদগুলোর মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। তবে পরবর্তী নির্বাচন আয়োজনের বিষয়ে এখনো দৃশ্যমান কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না। ছাত্র সংসদগুলো যেন শুধু নির্বাচনকেন্দ্রিক আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে, বরং শিক্ষার্থীদের অধিকার, প্রতিনিধিত্ব ও জবাবদিহি নিশ্চিত করার কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক ও রাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার বলেন, ‘আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোকে আহ্বান জানিয়েছি এবং বিশ্বাস করি, তারাও নিজ নিজ জায়গা থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলনে যাবে। আমি আমার ৩০ হাজার শিক্ষার্থীকেই বলছি—আপনারা বিশ্বাস রাখেন, এই ছাত্র সংসদ বন্ধ হয়ে গেলে ক্যাম্পাসে সেই ত্রাসের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, সিট বাণিজ্যের রাজনীতি এবং বাকি খাওয়ার রাজনীতি সবকিছু আবার ফিরে আসবে।’

ক্যাম্পাসে শান্তিপূর্ণ ও জবাবদিহিমূলক পরিবেশ নিশ্চিত করতে শিক্ষার্থীদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা যদি চায় যে তাদের এই ক্যাম্পাসে শান্ত-সুন্দর পরিবেশ, গণতান্ত্রিক প্রক্রিয়া ও জবাবদিহিমূলক একটি জায়গা থাকুক, তাহলে রাকসুসহ অন্যান্য ছাত্র সংসদের ব্যাপারে তাদের সরব হতে হবে।’

এর আগে গত ৮ নভেম্বর একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছিল সংগঠনটি। ওই স্মারকলিপিতে ১০ নভেম্বরের মধ্যে রাকসু নির্বাচনের পরবর্তী তফসিল ঘোষণা এবং সিনেটের কার্যক্রম সচলের দাবি জানানো হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/রাবি/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!