বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের ২০২৬ সালের তালিকায় স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষক ও গবেষক। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা এলসভিয়ারের প্রকাশিত এ তালিকায় তাঁদের অন্তর্ভুক্তি আন্তর্জাতিক গবেষণাক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টির অবদানের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
তালিকায় স্থান পাওয়া গবেষকেরা হলেন মিজানুর রহমান, রুহুল আমিন ভূঁইয়া, হাবিবুর রহমান, শহিন আলি ও নজরুল ইসলাম। প্রকাশিত তালিকায় তাঁদের বৈশ্বিক অবস্থান যথাক্রমে ৮৪ হাজার ৪৪৭, ১ লাখ ৪৫ হাজার ২৮৫, ১ লাখ ৭২ হাজার ৩৮৯, ১ লাখ ৯৮ হাজার ২২৫ এবং ৪ লাখ ২০ হাজার ২৪৫।
গবেষকদের প্রকাশিত প্রবন্ধ, সাইটেশন, এইচ-ইনডেক্স, গবেষণার ধারাবাহিকতা এবং সহলেখকদের গবেষণাগত প্রভাবসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে। এসব সূচকের মাধ্যমে গবেষণার মান, গ্রহণযোগ্যতা ও আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রভাব মূল্যায়ন করা হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষকের এ অর্জন আন্তর্জাতিক গবেষণায় বিশ্ববিদ্যালয়টির অংশগ্রহণ ও অবদানের বিষয়টি তুলে ধরেছে। একই সঙ্গে এটি গবেষণার পরিধি বাড়ানো এবং বৈশ্বিক জ্ঞানচর্চায় আরও কার্যকর ভূমিকা রাখার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনাকেও সামনে এনেছে।
এদিকে, গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স ও অন্যান্য গবেষণাসূচকের ভিত্তিতে বাংলাদেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানগুলোর একটি তালিকাও প্রকাশ করা হয়েছে। এতে দেশের শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং গবেষণালব্ধ জ্ঞানের বৈশ্বিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে এ ধরনের স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।