জাবিতে বহিরাগত অনুপ্রবেশে শিক্ষার্থীর জড়িত থাকার অভিযোগ, তদন্তে প্রশাসন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তিন নারীসহ আটক পাঁচ বহিরাগতকে ক্যাম্পাসে প্রবেশ করানোর অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার খান শুভর বিরুদ্ধে।
বুধবার (৭ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টার (ডব্লিউআরসি) সংলগ্ন জঙ্গল এলাকা থেকে পাঁচজনকে আটক করেন কয়েকজন শিক্ষার্থী। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় নেওয়া হয় এবং অধিকতর তদন্তের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়।
গণমাধ্যমসূত্রে জানা যায়, আটক পাঁচজনের মধ্যে একজন শাহরিয়ার খান শুভর স্কুলজীবনের বন্ধু। ওই ব্যক্তি বর্তমানে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে চাকরি করেন বলেও জানা গেছে। শুভ পাঁচজনকেই বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করান।
এ বিষয়ে শাহরিয়ার খান শুভর বক্তব্য জানতে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।পরে খুদেবার্তার মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সেখানেও কোন সাড়া পাওয়া যায়নি।
তবে, শাহরিয়ার খান শুভ অন্য একটি গণমাধ্যমকে জানান, ও আমাকে রাতে ফোন করে জানায়, মহাখালীর একটি ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ শেষে দুজন রাতে আসবে। পরে ডেইরি গেটে যাওয়ার পর দেখি তাঁদের সঙ্গে নারীও আছেন। তখন আমি স্পষ্ট জানিয়ে দিই এ দায়িত্ব আমি নিতে পারব না। পরবর্তীতে তাঁদের বলি, এত রাতে বাইরে না থেকে অন্তত ক্যাম্পাসের ভেতরে কোথাও গিয়ে বসে থাক।
শিক্ষার্থীর সংশ্লিষ্টতা নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হালিম বলেন, বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।বিষয়টি সিকিউরিটি অফিস দেখছে এবং পুলিশও এটি নিয়ে কাজ করছে। আমরা খোঁজখবর নিয়েছি। সিকিউরিটি অফিসকে এ বিষয়ে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজন অনুযায়ী তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।