পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ১০০ নম্বরের ইন্ডাস্ট্রি রিলেটেড কোর্স: ইবি উপাচার্য
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঠ্যক্রমে ৩ ক্রেডিট সমমানের ১০০ নম্বরের ইন্ডাস্ট্রি রিলেটেড কোর্স যুক্ত করা হচ্ছে। শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, গবেষণা ও কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিক কোলাবোরেশন প্রোগ্রামে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর সময়ে চিন্তা-চেতনা ও কর্মক্ষেত্রের ধরনে মৌলিক পরিবর্তন এসেছে। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্যক্রমে প্রয়োজনীয় বিষয় অন্তর্ভুক্ত করা না হলে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা প্রত্যাশিত অবস্থান তৈরি করতে পারবে না।
.png)
তিনি বলেন, নতুন এ কোর্সের মাধ্যমে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, গবেষণা ও যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ তৈরির পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সম্পৃক্ততা বাড়ানো সম্ভব হবে। বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার মাধ্যমে যে পারস্পরিক সুবিধার পরিবেশ তৈরি হয়, ইবিতেও সে ধরনের কার্যক্রম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
অধ্যাপক মতিনুর রহমান বলেন, ‘একটি হচ্ছে ক্যাম্পাস টু ক্যারিয়ার, অন্যটি ক্যারিয়ার টু ক্যাম্পাস। আমরা সেই বিষয়টাকে সামনে রেখেই কর্মপন্থা নির্ধারণ করেছি।’
শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, গবেষণা, একাডেমিক সম্পৃক্ততা ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ক্ষেত্রে ইসলামী বিশ্ববিদ্যালয় সব সময় প্রস্তুত। শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য বিশ্ববিদ্যালয়ের দ্বার উন্মুক্ত।
উপাচার্য আরও জানান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল প্রতিটি ডিসিপ্লিনের পাঠ্যক্রমে ৩ ক্রেডিটের ১০০ নম্বরের ইন্ডাস্ট্রি রিলেটেড কোর্স অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান।
অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপ, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, আবুল খায়ের গ্রুপ, বেটোপিয়া গ্রুপ, টেলিটক, ইনোফিক্স আইটি সলিউশনস লিমিটেড, বেনকিউ, টেকনোডেরা, টিপি-লিংক বাংলাদেশ, সিঙ্গার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, রাজবাড়ী জুট মিলস লিমিটেড, গ্রামীণফোন, আকিজ রিসোর্স, মেটাডোর ডিস্ট্রিবিউশন লিমিটেড, বিকাশ, বিআরবি কুষ্টিয়া, ডিবিসি নিউজ, গোল্ডেন জুট ও ব্র্যাকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।