ঢাকা,  বৃহস্পতিবার   ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ক্যাম্পাস ]

প্রধানমন্ত্রীর কর্মঘণ্টার উদাহরণ দিয়ে নবীনদের কাজের প্রতি নিষ্ঠার আহ্বান ইসমাইল জবিউল্লাহর

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩০, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর কর্মঘণ্টার উদাহরণ দিয়ে নবীনদের কাজের প্রতি নিষ্ঠার আহ্বান ইসমাইল জবিউল্লাহর
নোবিপ্রবির নবীনবরণে বক্তব্য দেন ইসমাইল জবিউল্লাহ। ছবি: ডেইলি বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মনিষ্ঠার উদাহরণ তুলে ধরে নবীন শিক্ষার্থীদের কাজের প্রতি নিষ্ঠাশীল ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতি সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করেন। এমনকি গত শুক্রবার নামাজের পরও তিনি অফিস করেছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ৩১টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটের প্রায় দেড় হাজার শিক্ষার্থী এ আয়োজনে অংশ নেন।

Advertisement

ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘তোমরা নিশ্চয়ই প্রধানমন্ত্রী তারেক রহমানের সাদামাটা জীবনযাপন দেখছো। প্রত্যেক সপ্তাহজুড়ে তিনি ৭০ ঘণ্টা কাজ করেন। গত শুক্রবার নামাজের পরও অফিস করছেন। আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে।’

প্রধানমন্ত্রীর নেতৃত্বের ধরন বোঝাতে ‘Leadership by assemble’ শব্দবন্ধ ব্যবহার করে তিনি বলেন, ‘নিজে করো, অন্যদেরকে ফলো করতে বলো।’

 

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে শুধু পড়াশোনা করলেই হবে না; এখান থেকে ভিন্নভাবে চিন্তা করা, সমস্যা সমাধানের পথ খোঁজা এবং ভিন্নমতের প্রতি সহনশীল হওয়ার শিক্ষা নিতে হবে। পাশাপাশি সমাজ, রাজনীতি ও অর্থনীতি নিয়েও জানার সুযোগ রয়েছে।

 

তিনি বলেন, বন্ধুদের সঙ্গে আড্ডা হবে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তবে বিশ্ববিদ্যালয়জীবনকে নিজেদের ভবিষ্যতের ভিত্তি তৈরির সময় হিসেবে কাজে লাগাতে হবে।

প্রধানমন্ত্রীর সরকারের বিভিন্ন লক্ষ্যের কথা তুলে ধরে জনপ্রশাসন উপদেষ্টা বলেন, সরকার ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে কাজ করছে। আগামী পাঁচ বছর শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয় করা হবে বলেও জানান তিনি। একই সময়ে মাথাপিছু আয় ২ হাজার ৮০০ ডলার থেকে ৪ হাজার ৫০০ ডলারে উন্নীত করার পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

শিক্ষকদের উদ্দেশে ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘এই অঞ্চলের মানুষ ও সমাজের সঙ্গে শিক্ষকদের আরও নিবিড়ভাবে যুক্ত হতে হবে। স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে কৃষি, পরিবেশ, পানি, প্রযুক্তি ও কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে সমাধান খুঁজতে হবে।’ তিনি বলেন, ‘আমাদের প্রয়োজন এমন গবেষণা, যা শুধু জার্নালে প্রকাশিত হবে না, বাস্তব জীবনে মানুষের কাজে লাগবে।’

নবীন শিক্ষার্থীদের দেশের জন্য কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই ক্যাম্পাস তোমাকে প্রস্তুত করবে, কিন্তু তোমার জীবন এই ক্যাম্পাসের চেয়ে অনেক অনেক বড়। তোমরা অনেকেই গবেষক, ইঞ্জিনিয়ার, শিক্ষক, উদ্যোক্তা হবে। কিন্তু আমি চাই, তোমরা যেখানেই যাও, এই দেশের জন্য কাজ করবে।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা রাষ্ট্রের সম্পদ। তাদের প্রতি জাতির প্রত্যাশা হলো জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের গড়ে তোলা, মানুষের পাশে দাঁড়ানো এবং জুলাইয়ের আত্মত্যাগ স্মরণ রেখে নতুন বাংলাদেশ নির্মাণে নিজ নিজ জায়গা থেকে অবদান রাখা।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

ডেইলি-বাংলাদেশ//জেডআই
লিংক সফলভাবে কপি হয়েছে!