যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার অভিযোগ, নাহিদের নিন্দা
যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে দেওয়া এক বিবৃতিতে এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন তিনি। একই সঙ্গে গণহত্যা ও সন্ত্রাসের দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরুর দাবি জানান নাহিদ ইসলাম।
বিবৃতিতে নাহিদ ইসলাম বলেন, যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টার ঘটনা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির সহিংস ও অমানবিক চরিত্রের বহিঃপ্রকাশ। এ ধরনের অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা।
তিনি আরও বলেন, জনগণের কাছে প্রত্যাখ্যাত হওয়ার দুই বছর পরও আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের চরিত্রে কোনো পরিবর্তন আসেনি। অতীতের কর্মকাণ্ডের জন্য দলটির মধ্যে অনুশোচনারও কোনো লক্ষণ নেই বলে মন্তব্য করেন এনসিপির এই নেতা।
বিবৃতিতে দেশে ও বিদেশে সক্রিয় কথিত নেটওয়ার্ক প্রতিহত করার আহ্বান জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই গণহত্যাসহ ফ্যাসিবাদী শাসনামলে গুম ও খুনের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার সম্পন্ন করে দ্রুত রায় কার্যকর করতে হবে।
এ ছাড়া গণহত্যা ও সন্ত্রাসের দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে অবিলম্বে বিচারপ্রক্রিয়া শুরু করার দাবি জানান তিনি।
বিবৃতির শেষাংশে অন্তর্বর্তী সরকারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান বিরোধীদলীয় চিফ হুইপ।
নাহিদ ইসলাম বলেন, দেশের সংকটময় সময়ে ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সদস্যরা গণতন্ত্র পুনরুদ্ধার ও বিপর্যস্ত অর্থনীতি পুনর্গঠনে নেতৃত্ব দিয়েছেন। তাঁদের সবার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।