গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে বিএনপি: আমান
জনগণ গণতান্ত্রিক সংস্কারের প্রত্যাশা থেকেই বিএনপিকে ভোট দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর দৈনিক বাংলা মোড়ে ১৯৯০ সালের গণ-আন্দোলনে শহীদ জিহাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদের পতনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার হলেও পরবর্তী সময়ে আওয়ামী লীগ আবারও স্বৈরাচারী শাসন কায়েম করেছিল বলে বিএনপির অভিযোগ। তাঁর ভাষ্য, গুম-খুনের ঘটনার পর ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আবারও রক্তের বিনিময়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হয়েছে।
তিনি বলেন, ‘এভাবে আর রক্ত দেওয়া যাবে না।’ ভবিষ্যতে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও তা সমুন্নত রাখতে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন বিএনপির এই নেতা।
১৯৯০ সালে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার ডাকে সচিবালয় ঘেরাও কর্মসূচিতে মিছিল লক্ষ্য করে এরশাদ সরকারের প্রশাসন গুলি চালিয়েছিল বলে উল্লেখ করেন আমান উল্লাহ আমান। ওই ঘটনায় দৈনিক বাংলা মোড়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন জিহাদ।
শহীদ জিহাদের আত্মত্যাগের কথা স্মরণ করে আমান উল্লাহ আমান বলেন, স্বৈরাচার এরশাদের পতনের আন্দোলনে জিহাদ ছিলেন পথপ্রদর্শক। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।