ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজনীতি ]

বিএনপিকে নিয়ে অপশক্তির ষড়যন্ত্র চলছে: নজরুল

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৮, ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিএনপিকে নিয়ে অপশক্তির ষড়যন্ত্র চলছে: নজরুল
সংগৃহীত ছবি

বিএনপি যখনই ক্ষমতায় আসে, তখনই একটি অপশক্তি দলটির বিরোধিতা শুরু করে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। তার দাবি, ওই শক্তি দেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চায় না এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Advertisement

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগে আয়োজিত এ সমাবেশে নজরুল ইসলাম খান বলেন, যারা সন্ত্রাস, নৈরাজ্য ও বোমাবাজির সঙ্গে জড়িত, তারা সব সময়ই এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছে। তার দাবি, এসব শক্তি জনগণ, উন্নয়ন ও গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

তিনি বলেন, দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে। জনগণের শান্তি ও সরকারের উন্নয়ন প্রচেষ্টা ব্যাহত করার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, এসব অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বলেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি দেশ গড়তে চায়। উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে শ্রমিক সমাজের লড়াই অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সমাবেশে বক্তারা দেশের শান্তি, গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শ্রমিকসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!