দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট
দুর্নীতির অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়া গেছে— দুর্নীতি দমন কমিশনের (দুদক) এমন প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (২৮ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দায়ের করা হয়। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এর শুনানি হওয়ার কথা রয়েছে।
.png)
রিটে তদন্ত শেষ হওয়ার আগে কোনো ব্যক্তির সম্মানহানি করে দুদক যেন প্রেস ব্রিফিং না করে— সেই নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি আসিফ মাহমুদকে নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে দুদককে জনসমক্ষে ভুল স্বীকার করার আরজি জানানো হয়েছে।
রিটকারী আইনজীবী জহিরুল ইসলাম মুসা বলেন, গত ২ ও ১৩ সেপ্টেম্বর দুদকের জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম প্রেস ব্রিফিং করে জানান যে, আসিফ মাহমুদের বিরুদ্ধে বদলি, নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত দুর্নীতি ও অর্থ পাচারের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়া গেছে।
তিনি আরও বলেন, আমরা রিটে ওই দুটি প্রেস ব্রিফিংয়ের আইনগত কর্তৃত্বকে চ্যালেঞ্জ করেছি। রুল চাওয়া হয়েছে— কেন ওই প্রেস ব্রিফিংকে আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং সংবিধানের ৩১ অনুচ্ছেদের (ব্যক্তির সম্মান ও সুনামের অধিকার) ও দুদকের ২০১১ সালের তথ্য অবমুক্তকরণ নীতিমালার লঙ্ঘন ঘোষণা করা হবে না।
একইসঙ্গে যে গুরুত্ব দিয়ে দুদক সাংবাদিক ডেকে ওই ব্রিফিং করেছিল, ঠিক একইভাবে আনুষ্ঠানিক ব্রিফিং করে ভুল স্বীকার ও ক্ষমা প্রার্থনার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। এ ছাড়া রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কারও বিরুদ্ধে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ‘মিডিয়া ট্রায়াল’ না করার অন্তর্বর্তীকালীন আদেশ চাওয়া হয়েছে।