ঢাকা,  শুক্রবার   ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

[ রাজনীতি ]

সংবিধান সংস্কারে বিলম্ব হলে ঈদের পর আন্দোলনের ইঙ্গিত বিরোধীদলের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫২, ২১ মার্চ ২০২৬
সংবিধান সংস্কারে বিলম্ব হলে ঈদের পর আন্দোলনের ইঙ্গিত বিরোধীদলের
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে সংবিধান সংস্কার ইস্যুতে সরকারের ওপর চাপ বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি জানিয়েছেন, এ বিষয়ে দ্রুত অগ্রগতি না হলে ঈদের পর সংসদের ভেতরে ও বাইরে জোরালো কর্মসূচি হাতে নেবে বিরোধীদল।

শনিবার (২১ মার্চ) রাজধানীর বেরাইদ এলাকায় গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের কথা থাকলেও তা এখনো বাস্তবায়িত হয়নি, যা হতাশাজনক।

তিনি জোর দিয়ে বলেন, সংবিধানের দোহাই দিয়ে ‘জুলাই সনদ’কে অস্বীকার করা যাবে না। কারণ, গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট থেকেই এই দাবির সৃষ্টি হয়েছে এবং এটি জনগণের প্রত্যাশার প্রতিফলন।

তিনি আরো বলেন, ‘জুলাই সনদ’ বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, একটি সরকারের কার্যক্রম মূল্যায়নের জন্য খুব অল্প সময় যথেষ্ট নয়, তাই সরকারকে কিছুটা সময় দেওয়া উচিত।

সরকারের ইতিবাচক কিছু পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণসহ কয়েকটি উদ্যোগ সরকার দ্রুত বাস্তবায়ন করেছে, যা প্রশংসনীয়।

তবে সংবিধান সংস্কার ইস্যুতে দ্রুত দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় বিরোধীদল- এমন প্রত্যাশা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, অন্যথায় জনগণের দাবি আদায়ে তারা আরো সক্রিয় ও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!