আ.লীগ-জাপার লোকদের কমিটিতে অন্তর্ভুক্তি, এনসিপি নেতার পদত্যাগ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব শেখ রেজওয়ান দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগ করেছেন।
শুক্রবার (২০ মার্চ) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি তার পদত্যাগের ঘোষণা দেন।
শেখ রেজওয়ান অভিযোগ করেন, দলটির রংপুর জেলা ও মহানগর কমিটিতে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা সাম্প্রতিক আন্দোলনে সম্পৃক্ত ছিলেন না। বরং জাতীয় পার্টি ও বাংলাদেশ আওয়ামী লীগ-এর সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের নেতৃত্বে আনা হয়েছে, যা তিনি একটি “বিপ্লবী দলের আদর্শের পরিপন্থী” বলে উল্লেখ করেন।
দলীয় কাঠামো নিয়ে তিনি আরও বলেন, জেলা কমিটির সদস্য সচিব এরশাদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ায় তাকে পদ থেকে সরানোর পর নেতৃত্বে শূন্যতা তৈরি হয়েছে। নিয়ম অনুযায়ী সিনিয়র যুগ্ম সদস্য সচিব মনিরুজ্জামান মনির ওই পদে আসার কথা থাকলেও তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ান।
নিজের অবস্থান প্রসঙ্গে শেখ রেজওয়ান দাবি করেন, জেলা কমিটির ১ নম্বর যুগ্ম সদস্য সচিব হওয়া সত্ত্বেও দলীয় গ্রুপিংয়ের কারণে তাকে দায়িত্ব দেওয়া হয়নি। বরং দীর্ঘদিন ধরে পদটি শূন্য রেখে দল পরিচালনা করা হচ্ছে।
তিনি অভিযোগ করেন, দলের যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাদিয়া ফারজানা দিনা ও আসাদুল্লাহ আল গালিব-এর সঙ্গে দ্বন্দ্বের জেরে তাকে নেতৃত্ব থেকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে।
এছাড়া জেলা কমিটির আহ্বায়ক আল মামুন-এর বিরুদ্ধেও গ্রুপিং ও দলীয় বিভাজন উসকে দেওয়ার অভিযোগ তোলেন তিনি। তার দাবি, দলে শৃঙ্খলার অভাব এবং বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন অনুপ্রবেশ করায় সামগ্রিকভাবে সংকট তৈরি হয়েছে।
তবে এ বিষয়ে দলের কেন্দ্রীয় বা স্থানীয় নেতৃত্বের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।