ঢাকা,  শুক্রবার   ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

[ রাজনীতি ]

এনসিপির ৭ নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১০, ৬ মার্চ ২০২৬
এনসিপির ৭ নেতার পদত্যাগ
ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাঙ্গামাটি জেলা কমিটির সাত নেতা পদত্যাগ করেছেন। দলের কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন এই সাত নেতা।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পদত্যাগপত্র ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করে।

পদত্যাগ করা নেতারা হলেন, এনসিপির রাঙ্গামাটি জেলা শাখার যুগ্ম সদস্য সচিব উজ্জল চাকমা, সংগঠনিক সম্পাদক দিবাকর চাকমা, সংগঠনিক সম্পাদক মিশন চাকমা, সহ-সাংগঠনিক সম্পাদক ঊষাপ্রু মারমা, দফতর সম্পাদক প্রনয় বিকাশ চাকমা, সদস্য বিনয় চাকমা ও সদস্য সুলেখা চাকমা।

উজ্জল চাকমা তার পদত্যাগপত্রে লিখেছেন, ‘অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে এনসিপিতে যোগ দিয়েছিলাম। জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে জাতীয় নাগরিক পার্টিকে এক সময় একটা বহুমাত্রিক ও বহুত্ববাদী বিশ্বাসী দল মনে করেছিলাম। কিন্তু বিগত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি তার স্বতন্ত্র আদর্শ থেকে সরে এসে একটি বৃহৎ দলের সঙ্গে জোট গঠন করে।’

‘এমতাবস্থায় আমার পক্ষে সেই আদর্শকে লালন করা সম্ভব হচ্ছে না। অতএব, আজ থেকে জাতীয় নাগরিক পার্টির সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিদায় নিলাম এবং সঙ্গে সঙ্গে আজ থেকে জাতীয় নাগরিক পার্টির পদ থেকে পদত্যাগ করলাম।’

এ বিষয়ে জানতে উজ্জল চাকমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও নেতার মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি।

এনসিপির রাঙ্গামাটি জেলা কমিটির আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা বলেন, ‘শুনেছি আমার জেলা শাখার আহ্বায়ক কমিটির অনেক নেতা নাকি পদত্যাগ করেছেন। তবে আমার কাছে কোনো লিখিত আবেদন করেননি। তবে হঠাৎ করে গণহারে এভাবে পদত্যাগ করার কারণ কী তা আমরা সাংগঠনিকভাবে খতিয়ে দেখবো।’

ডেইলি-বাংলাদেশ/SA
লিংক সফলভাবে কপি হয়েছে!