ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

২০০ বছরের পুরনো বাড়ির দেয়ালে মিলল সিন্দুক!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২৮, ৪ মার্চ ২০২০
২০০ বছরের পুরনো বাড়ির দেয়ালে মিলল সিন্দুক!
ছবি: সংগৃহীত

প্রায় দুইশ বছরের পুরনো একটি জমিদার বাড়ি ভাঙতে গিয়ে মিলল লোহার সিন্দুক। মঙ্গলবার দুপুরে ভারতের দক্ষিণের চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের বাহিরচকের একটি পুরনো বাড়ির ইটের দেয়ালের ভেতর থেকে সিন্দুকটি উদ্ধার করা হয়।

ছবি: সংগৃহীত

জানা গেছে, সুন্দরবনের ঢোলাহাটের বাহিরচক এই বাড়িটি ছিল মণ্ডল জমিদারের স্থপতি। তবে কালের সঙ্গে তাল মিলিয়ে হারিয়ে গেছে সেই জমিদারি, হারিয়েছে মণ্ডল বাড়ির জৌলুস। জমিদারিত্বের স্মৃতিচিহ্ন হিসেবে রয়েছে দুইশ বছরের পুরনো বাড়িটা। পলেস্তরা খসে পড়া জীর্ণ বাড়িটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 

Advertisement

স্থানীয়রা জানান, মুকুন্দ মণ্ডল মারা যাওয়ার পর তার পরিজনেরা বাড়ি ছেড়ে যে যার মতো চলে যায়। তাদের মধ্যে কেউ ডায়মন্ড হারবার, কেউ জয়নগর, কেউবা আবার মেদিনীপুরে গিয়ে বসবাস করছেন। তবে বাহিরচকে তাদের পুরনো জমিদার বাড়ি এতদিন অবহেলায় পড়ে থাকলেও সম্প্রতি বাড়ির শরিকরা মিলে তা বিক্রি করে দেয়। 

মণ্ডল বাড়ির এক শরিক ভীম মণ্ডল জানান, মঙ্গলবার সকাল থেকেই বিক্রি হয়ে যাওয়া ওই বাড়ি ভাঙার কাজ চলছিল। দুপুর নাগাদ বাড়িটির এক পাশের ইঁটের দেয়াল ভাঙা চলছিল। তখনই হঠাৎই ধাতব জিনিসের শব্দ পায় শ্রমিকরা। কিছুটা ভাঙার পরেই ইটের দেয়ালের ভেতর থেকে বেরিয়ে আসে লোহার একটি সিন্দুক। আর সে খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ জমিদার বাড়ির সামনে ভিড় জমায়।

পরে স্থানীয়রা সিন্দুকটি ভাঙা শুরু করেন। শ্রমিকরা জানান, ওই সিন্দুকের ভিতরে একটি দুষ্প্রাপ্য দেবীমূর্তি ও কিছু ধাতব মুদ্রা ছিল। পরে তারা ঢোলাহাট থানায় খবর দেয়। তবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই মূর্তিসহ বেশকিছু মুদ্রা চুরি হয়ে যায়। পুলিশ এসে লোহার ভাঙা সিন্দুক থেকে কিছু ধাতব মুদ্রা উদ্ধার করে নিয়ে যায়। 

পুলিশ জানায়, সিন্দুকটির ভেতর সত্যিই কোনো মূর্তি ছিল কিনা এবং থাকলেও তার প্রত্নতাত্ত্বিক গুরুত্ব কতোটুকু তা তদন্ত করে দেখা হবে। তবে ওই সিন্দুকের ভিতর কোনো ধাতব মূর্তি ছিল কিনা সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জমিদার বাড়ির সমস্ত শরিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!