ঢাকা,  শনিবার   ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হবিগঞ্জে ১৩টি রকেট লঞ্চারসহ বিস্ফোরক উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৩, ২৩ নভেম্বর ২০১৯
হবিগঞ্জে ১৩টি রকেট লঞ্চারসহ বিস্ফোরক উদ্ধার
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালিয়ে ১৩ রাউন্ড রকেট লঞ্চার উদ্ধার করা হয়েছে। এ সময় কিছু বিস্ফোরক সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

শনিবার দুপুরে যৌথ অভিযানে এসব উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর অধিনায়ক কর্নেল মোহাম্মদ মশিউর রহমান। 

এর আগে গত রাত ২টা থেকে অভিযান শুরু হয়। অভিযান অব্যাহত রয়েছে।

র‌্যাব ৭-এর অপারেশন কর্মকর্তা (অপস ও মিডিয়া) সহকারী এসপি মোহাম্মদ মাশকুর রহমান জানান, উদ্ধারকৃত বিস্ফোরকগুলো খুব নাজুক অবস্থায় রয়েছে। এগুলো আমরা অকুস্থলেই ধ্বংস করে দিয়ে যেতে চাই। সেজন্য ঢাকা থেকে র‌্যাবের বম্ব ডিসপোজাল স্কোয়াড এরমধ্যেই রওনা দিয়েছে।

এর আগে ২০১৪ সালে সাতছড়িতে চার দফা অভিযানে ছয় বার অস্ত্র ও গোলাবারুদ পায় র‌্যাব। ১ জুন থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দফায় ৩৩৪টি কামান বিধ্বংসী রকেট, ২৯৬টি রকেট চার্জার, একটি রকেট লঞ্চার, ১৬টি মেশিনগান, একটি বেটাগান, ছয়টি এসএলআর, একটি অটো রাইফেল, পাঁচটি মেশিনগানের অতিরিক্ত খালি ব্যারেল, প্রায় ১৬ হাজার রাউন্ড বুলেটসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব।

১৬ অক্টোবর থেকে চতুর্থ দফার প্রথম পর্যায়ে উদ্যানের গহীনের অরণ্যে মাটি খুঁড়ে চতুর্থ দফায় তিনটি মেশিন গান, চারটি ব্যারেল, আটটি ম্যাগাজিন, ২৫০ গুলির ধারণ ক্ষমতা সম্পন্ন আটটি বেল্ট ও উচ্চক্ষমতা সম্পন্ন একটি রেডিও উদ্ধার করা হয়। ওই বছরের ১৭ অক্টোবর দুপুরে এসএমজি ও এলএমজি’র আট হাজার ৩৬০ রাউন্ড, ত্রি নট ত্রি রাইফেলের ১৫২ রাউন্ড, পিস্তলের ৫১৭ রাউন্ড, মেশিনগানের ৪২৫ রাউন্ডসহ মোট নয় হাজার ৪৫৪ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়। এছাড়া এসএমজি’র ২০টি, এলএমজি’র পাঁচটি, এসএলআর-এর ছয়টি, ত্রি নট ত্রি’র চারটি, এমএমজি দুটি, পিস্তলের ২৯টি ও জি থ্রি’র ১২টিসহ মোট ৮০টি ম্যাগজিন, পাঁচটি ওয়াকিটকি ও উচ্চক্ষমতা সম্পন্ন একটি রেডিও সেট উদ্ধার করা হয়। পরবর্তীতে ২০১৮ সালের ২ ফ্রেব্রুয়ারিতে আবার সেখানে অভিযান পরিচালনা করে ১০টি হাই এক্সক্লুসিভ ৪০ এমএম অ্যান্টি-ট্যাংক রকেট উদ্ধার করে র‌্যাব।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!