রাসূলের (সা.) হাদিস (পর্ব-৪)
পবিত্র কোরআনুল কারিমে পবিত্রতাকে (নির্ধারিত পদ্ধতিতে অর্জিত পরিচ্ছন্নতা) দ্বিনের অন্যতম উদ্দেশ্য এবং তাকে আল্লাহর অনুগ্রহ লাভের মাধ্যম হিসেবে বর্ণনা করা হয়েছে। ইরশাদ হয়েছে,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ إِذَا قُمْتُمْ إِلَى الصَّلاةِ فاغْسِلُواْ وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُواْ بِرُؤُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَينِ وَإِن كُنتُمْ جُنُبًا فَاطَّهَّرُواْ وَإِن كُنتُم مَّرْضَى أَوْ عَلَى سَفَرٍ أَوْ جَاء أَحَدٌ مَّنكُم مِّنَ الْغَائِطِ أَوْ لاَمَسْتُمُ النِّسَاء فَلَمْ تَجِدُواْ مَاء فَتَيَمَّمُواْ صَعِيدًا طَيِّبًا فَامْسَحُواْ بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُم مِّنْهُ مَا يُرِيدُ اللّهُ لِيَجْعَلَ عَلَيْكُم مِّنْ حَرَجٍ وَلَـكِن يُرِيدُ لِيُطَهَّرَكُمْ وَلِيُتِمَّ نِعْمَتَهُ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
‘হে মুমিনগণ! যখন তোমরা নামাজের জন্যে উঠ, তখন স্বীয় মুখমন্ডল ও হস্তসমূহ কনুই পর্যন্ত ধৌত কর এবং পদযুগল গিটসহ। যদি তোমরা অপবিত্র হও তবে সারা দেহ পবিত্র করে নাও এবং যদি তোমরা রুগ্ন হও, অথবা প্রবাসে থাক অথবা তোমাদের কেউ প্রসাব-পায় খানা সেরে আসে অথবা তোমরা স্ত্রীদের সঙ্গে সহবাস কর, অতঃপর পানি না পাও, তবে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও- অর্থাৎ, স্বীয় মুখ-মন্ডল ও হস্তদ্বয় মাটি দ্বারা মুছে ফেল। আল্লাহ তোমাদেরকে অসুবিধায় ফেলতে চান না; কিন্তু তোমাদেরকে পবিত্র রাখতে চান এবং তোমাদের প্রতি স্বীয় নেয়ামত পূর্ণ করতে চান-যাতে তোমরা কৃতজ্ঞাতা প্রকাশ কর ‘ (সূরা : মায়িদা-৫, আয়াত : ৬)।
বিশ্বনবী রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।’ (সহিহ মুসলিম, হাদিস : ২২৩)।
ইসলামি শরীয়ত মুমিন মুসলমানকে তার জীবনের সর্ব পর্যায়ে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার নির্দেশ দিয়েছে। মহানবী রাসূলুল্লাহ (সা.) এর জীবনচরিত পাঠ করলে এমন কিছু সুন্নতের খোঁজ পাওয়া যায়- যা বিভিন্ন ধরনের রোগ-বালাই প্রতিরোধে চিকিৎসাবিজ্ঞানীদের পরামর্শের অনুকূল। হাদিসগুলো ডেইলি বাংলাদেশের পাঠকদের জন্য ধারাবাহিকভাবে চলবে। ইনশাআল্লাহ!
আরো পড়ুন>>> রাসূলের (সা.) হাদিস (পর্ব-৩)
প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য হাদিস থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক উল্লেখযোগ্য কিছু হাদিস তুলে ধরা হলো-
নখ ছোট রাখা :
ইসলামি শরীয়তে সপ্তাহে অন্তত একবার নখ কাটা সুন্নত বলা হয়েছে। যেন নখের মধ্যে কোনো জীবাণু আটকে না থাকে। শুধু নখ নয়, জীবাণু আটকে থাকতে পারে শরীরের এমন সব অঙ্গই পরিষ্কার রাখার নির্দেশ দেয়া হয়েছে। মহানবী রাসূলুল্লাহ (সা.) বলেন, ১০টি কাজ মানুষের স্বভাবসুলভ : ১. গোঁফ কাটা, ২. দাড়ি ছেড়ে দেয়া, ৩. মিসওয়াক করা, ৪. পানি দিয়ে নাক পরিষ্কার করা, ৫. নখ কাটা, ৬. আঙুলের জোড়াগুলো ধোয়া, ৭. বগলের পশম তুলে ফেলা, ৮. নাভির নিচের পশম চেঁছে ফেলা, ৯. পানি দিয়ে ইস্তিনজা করা। মুসআব (বর্ণনাকারী) বলেন, দশম কাজটি আমি ভুলে গেছি। সম্ভবত তা কুলি করা। (সহিহ মুসলিম, হাদিস : ৫৬)।