ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

মসজিদে ব্রিটিশ রাজবধূ মেগান, হইচই নেট দুনিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২০, ২৯ সেপ্টেম্বর ২০১৯
মসজিদে ব্রিটিশ রাজবধূ মেগান, হইচই নেট দুনিয়ায়
ছবি: সংগৃহীত

ব্রিটিশ রাজপুত্র হ্যারি ও রাজবধূ মেগান মার্কেল দক্ষিণ আফ্রিকার প্রাচীনতম একটি মসজিদ পরিদর্শন করেছেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই শুরু হয়েছে। 

দেশটির কেপটাউনের বো-কাপে আউয়াল মসজিদ পরিদর্শনে গেলে স্থানীয় মুসলিম নেতারা তাদের দুজনকে স্বাগত জানান। 

সে সময় তারা একাধিক মুসলিম নেতা ও মুসল্লিদের সঙ্গে কথা বলেন। ব্রিটিশ রাজবধূ মুসলিম শিশুর সঙ্গে আনন্দমুখর সময় পার করেন। এ সময় মসজিদের ইমাম শায়খ ইসমাইল ও কমিউনিটি নেতা মুহাম্মদ গ্রনওয়াল্ড উপস্থিত ছিলেন। 

প্রিন্স হ্যারি ও প্রিন্সেস মেগান ১০ দিনের এক সফরে আফ্রিকায় অবস্থান করছেন। রাজকীয় দায়িত্ব পালনের সময় এই প্রথম মাথায় ওড়না পরিধান করলেন মেগান।

এদিকে মেগানের এই ওড়না পরিধানের পর অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রশংসা করেছেন। অনেকেই বলেছেন, তিনি পরিস্থিতি অনুযায়ী ঠিক কাজটিই করেছেন।

এর আগে ১৯৯১ সালে পাকিস্তানের লাহোরে অবস্থিত বাদশাহী মসজিদ পরিদর্শনের সময় প্রিন্স হ্যারির মা প্রিন্সেস ডায়নাও মাথায় ওড়না পরিধান করেন। 

প্রসঙ্গত, ২২৫ বছর আগে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে এই মসজিদ নির্মিত হয়। খ্রিস্টীয় সতের শতকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় মুসলিম বন্দিদের মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় ইসলামের আগমন ঘটে। বর্তমানে দক্ষিণ আফ্রিকার প্রায় ছয় লাখ মুসলিম। সূত্র- ডেইলি মেইল

ডেইলি বাংলাদেশ/জেডআর
 

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!