বয়স চুরি করে নিষিদ্ধ হলেন এক ক্রিকেটার
ভারতীয় উপমহাদেশে বয়স চুরি অনেকটা স্বাভাবিক ঘটনা। তবে ক্রীড়াক্ষেত্রে বয়স চুরি অপরাধ হিসেবেই গণ্য হয়। এবার অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ক্রিকেটে বয়স চুরি করে ধরা পড়েছেন এক ভারতীয় ক্রিকেটার। প্রিন্স রাম নিবাস যাদব নামের এই ক্রিকেটারকে দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ভারতের ক্রিকেট বোর্ড।
ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করার সময় তথ্য-উপাত্তের সত্যতা যাচাই করতে গিয়ে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে। জন্ম নিবন্ধনের কাগজপত্রে রামের জন্ম তারিখ দেখানো হয়েছিল ২০০১ সালের ১২ ডিসেম্বর। বিসিসিআই জানতে পারে, স্কুল সার্টিফিকেটে তার জন্ম তারিখ দেওয়া আছে ১৯৯৬ সালের ১০ জুন। একবারে পাঁচ বছর বয়স চুরি করেছেন এই ক্রিকেটার!
এই অভিযোগকে গুরুতর অপরাধ হিসেবে নিয়ে রামকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই নিষেধাজ্ঞার ফলে দিল্লির এই ক্রিকেটার ২০২০-২১ ও ২০২১-২২ মৌসুমে বিসিসিআই আয়োজিত ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টগুলো খেলতে পারবেন না। তবে নিষেধাজ্ঞা উঠে গেলে ক্রিকেট টুর্নামেন্টগুলোতে অংশ নিতে আর সমস্যা থাকবে না তার। তবে এমন ঘটনায় দিল্লি ক্রিকেট বোর্ডের (ডিডিসিএ) ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।
বয়স চুরি করার জন্য রামের একাধিক নকল জন্মসনদ বানানোর , এমন প্রমাণও পেয়েছে বিসিসিআই। এছাড়া দিল্লি দলের আরো দুই ক্রিকেটারের বয়স তদন্তের মুখে বলে জানা গেছে।